চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নোঙর করা একটি মাছ ধরার ট্রলারে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় থাকা দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে।
মঙ্গলবার (৩০ জুন) বেলা ১টার দিকে ট্রলারের ইঞ্জিন কক্ষ থেকে হঠাৎ বিকট শব্দের পর আগুনের সূত্রপাত হয়।
অগ্নিদগ্ধরা হলেন- প্রকৌশলী আশিকুজ্জামান তামিম, গ্রিজার মো.রুবেল ও শাহ আলম, উইন্স অপারেটর নিজাম উদ্দিন, ডুবুরি মো.রাসেল ও নাবিক ছিদ্দিক আহমেদ।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় ট্রলারের ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ নগরের সদরঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডিতে উল্লেখ করা হয়, ট্রলারটির ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ গভীর সমুদ্রে মাছ আহরণ শেষে গত ২৯ জুন বেলা ২টার দিকে ট্রলারটি কর্ণফুলী নদীর সদরঘাটের সাম্পানঘাট এলাকায় মুরিং বয়ায় নোঙর করেন।
পরদিন মঙ্গলবার (৩০ জুন) দুপুর পৌনে ১টার দিকে ট্রলারের ইঞ্জিন কক্ষ থেকে হঠাৎ বিকট শব্দের পর আগুনের সূত্রপাত হয়। এতে ইঞ্জিন কক্ষে দায়িত্বরত ছয়জন ব্যক্তি অগ্নিদগ্ধ হন।
পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
নৌ পুলিশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, উদ্ধার করা ছয় নাবিকের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে। বাকি চারজন চমেক হাসপাতালে চিকিৎসা চলছে।