দীর্ঘদিন পর চলচ্চিত্রের গানে একসঙ্গে ফিরছেন জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি এবং ইমরান মাহমুদুল। কামরুজ্জামান রোমান পরিচালিত ‘শিকার’ চলচ্চিত্রের ‘দুজন মিলে বাঁচব এক জীবন’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন তারা। কবির বকুলের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান নিজেই।
ন্যান্সি জানান, অনেক দিন পর মনের মতো একটি চলচ্চিত্রের গান গাইলেন। অন্যদিকে ইমরান বলেন, ন্যান্সি আপার সঙ্গে ডুয়েট গান করা মানেই বিশেষ কিছু।
বাংলাদেশের বর্ডারের সত্য ঘটনা অবলম্বনে থ্রিলার ঘরানার ‘শিকার’ সিনেমাটির শুটিং চলতি সপ্তাহে নেপালে শুরু হতে যাচ্ছে। আবদুল্লাহ জহির বাবুর গল্পে এতে জুটি বেঁধেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও অভিনেতা মুরতজা পলাশ। রেজা ফিল্মস প্রোডাকশনের ব্যানারে নির্মিতব্য এই সিনেমাটিতে আরও অভিনয় করছেন বড়দা মিঠু ও রাশেদ মামুন অপু।