৩ জুলাই ‘আজও অর্ধাঙ্গিনী’

জন্মদিনে জয়ার নতুন অপেক্ষা

আপডেট : ০১ জুলাই ২০২৬, ১২:১৬ এএম

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের জন্মদিন আজ। বিশেষ এই দিনটিকে সামনে রেখে তার ক্যারিয়ারে যুক্ত হতে যাচ্ছে নতুন এক অধ্যায়। ২০২৩ সালের ব্যবসাসফল সিনেমা ‘অর্ধাঙ্গিনী’র সিক্যুয়েল ‘আজও অর্ধাঙ্গিনী’ নিয়ে দীর্ঘ তিন বছর পর গুণী নির্মাতা কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় ফের ওপার বাংলার বড় পর্দায় ফিরছেন তিনি। সবকিছু ঠিক থাকলে আগামী ৩ জুলাই পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। বর্তমানে কলকাতায় এর জোর প্রচারণা ও ব্যস্ত সময় পার করছেন এই তারকা।

নতুন সিনেমার সাফল্য ও প্রত্যাশা নিয়ে ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জয়া বলেন, ‘ছবিটা যদি দর্শকপ্রিয়তা পায়, তাহলে খুব ভালো লাগবে। তবে ম্যাজিক তো তৈরি করা যায় না, হয়ে ওঠে। সেই ম্যাজিকের জন্য আমিও অপেক্ষায় আছি।’ জয়া আরও জানান, বাংলাদেশি পাসপোর্ট বহন করলেও কলকাতার চলচ্চিত্র অঙ্গনে কখনো নিজেকে বাইরের কেউ মনে হয়নি তার। এখানকার নির্মাতা ও দর্শকদের ভালোবাসা ওপার বাংলাতেও তার শক্ত অবস্থান তৈরি করেছে।

এদিকে জন্মদিন প্রসঙ্গে বরাবরই মিতভাষী এই অভিনেত্রী। এখন আর ঘটা করে কেক কাটা বা উৎসব উদযাপন করেন না তিনি। তবে কাছের মানুষ আর অনুরাগীদের ভালোবাসা তাকে ছুঁয়ে যায়। ছোটবেলার প্রজাপতি ড্রেস পরে জন্মদিন উদযাপনের স্মৃতি মনে করলেও এখন এসব নিয়ে কিছুটা লজ্জা পান বলে জানান। বর্তমানে জীবন নিয়ে দারুণ সন্তুষ্ট জয়া মনে করেন, জীবন কেবল পার্টনারকে ঘিরেই সীমাবদ্ধ নয়; মা-বাবা, পরিবার ও চারপাশের মানুষদের নিয়ে ভালো থাকাই আসল আনন্দ। রূপ-লাবণ্য আর অভিনয়ের জৌলুসে দুই বাংলার দর্শকদের মুগ্ধ করে রেখেছেন জয়া আহসান। বিশেষ এই দিনে দেশ রূপান্তরের পক্ষ থেকে শুভেচ্ছা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত