ব্রাজিলকে আগে হারালেও এবার সম্ভাবনা 'ক্ষীণ' বলছেন হালান্ড

আইভরি কোস্টের বিপক্ষে নাটকীয় জয়ের পর ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ১৬ নিশ্চিত করেই আগামী রবিবারের প্রতিপক্ষ ব্রাজিলকে ফেবারিটের তকমা দিয়ে দিলেন নরওয়েজিয়ান গোলমেশিন আর্লিং ব্রাউট হালান্ড। ব্রাজিলের বিপক্ষে জয় নিয়ে প্রশ্ন করা হলে কোনো রকম রাখঢাক না রেখেই ম্যান সিটি তারকা স্পষ্ট ভাষায় বলেন, "সুযোগ খুবই ক্ষীণ।"

ডালাস স্টেডিয়ামে আইভরি কোস্টকে ২-১ গোলে বিদায় করার পর ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে ২৬ বছর পর নরওয়েকে বিশ্বকাপে ফিরিয়ে আনা এই তারকা বেশ বিনয়ের সাথেই নিজের মনোভাব প্রকাশ করেন। তিনি বলেন, "শেষ ১৬-তে ব্রাজিলের মুখোমুখি হওয়া এমন একটা বিষয় যা আমাদের এখন মোকাবিলা করতেই হবে, তাই নয় কি? নরওয়ের মানুষ এখন প্রচণ্ড উচ্ছ্বসিত। জাতীয় দলকে ঘিরে পুরো দেশের এই যে ঐক্য, তা আমাদের পারফরম্যান্সকে আরও সমৃদ্ধ করে।"

তবে ব্রাজিলকে সমীহ করে হালান্ড আরও যোগ করেন, "আমরা এখন শেষ ১৬-তে যাচ্ছি, যেখানে অত্যন্ত শক্তিশালী সব দল থাকবে এবং কাজটা মোটেও সহজ হবে না। পরবর্তী রাউন্ডে যাওয়া আমাদের জন্য কঠিন হবে। আমি নিশ্চিত নই আমরা পারবো কি না, তবে আমরা অনেক প্রস্তুতি নিয়েছি এবং অত্যন্ত প্রস্তুত হয়েই মাঠে নামবো।"

ম্যাচ শেষে গ্যালারিতে থাকা নরওয়েজিয়ান সমর্থকদের সাথে ঐতিহ্যবাহী 'ভাইকিং রোয়িং' উদযাপনে মেতে ওঠেন হালান্ডরা, যেখানে ড্রাম বাজিয়ে দলের নেতৃত্ব দেন অধিনায়ক মার্টিন ওডেগার্ড।

হালান্ড মুখে ব্রাজিলকে শতভাগ ফেবারিট বললেও ফুটবল ইতিহাসের পরিসংখ্যান কিন্তু ব্রাজিলের জন্য এক বড় মনস্তাত্ত্বিক পরীক্ষা। বিশ্ব ফুটবলে নরওয়েই একমাত্র দল, যারা একাধিকবার মুখোমুখি হয়েও ব্রাজিলের কাছে কখনো হারেনি। দুই দলের আগের ৪ বারের দেখায় নরওয়ের জয় ২টি এবং ড্র হয়েছে ২টি। এর মধ্যে সবচেয়ে স্মরণীয় ম্যাচটি ছিল ১৯৯৮ সালের বিশ্বকাপ গ্রুপ পর্বে, যেখানে ব্রাজিলের বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের পেনাল্টিতে ২-১ গোলের অবিশ্বাস্য জয় পেয়েছিল নরওয়ের 'গোল্ডেন জেনারেশন'।