সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের বিষয়ে সংবাদমাধ্যমকে সতর্ক করবে সরকার। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান গতকাল মঙ্গলবার তথ্য অধিদপ্তরে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেন, শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা থাকায় দেশের গণমাধ্যমে তা সরাসরি প্রচার না করাই উচিত। অনেক মিডিয়া এ নির্দেশনা মানছে না।
তিনি আরও জানান, বিষয়টি নিয়ে তথ্য মন্ত্রণালয় প্রাথমিকভাবে গণমাধ্যমকে সতর্ক করছে এবং প্রয়োজনে আনুষ্ঠানিকভাবে নির্দেশনা দেওয়া হতে পারে। তবে সরকার আপাতত কঠোর অবস্থানে না গেলেও গণমাধ্যমের উচিত আদালতের নির্দেশনা ও আইন মেনে চলা। ভবিষ্যতে প্রয়োজন হলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনায় আসতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে শেখ হাসিনা ভারতে রয়েছেন। ভারতের বিভিন্ন গণমাধ্যমে তিনি বিভিন্ন সময়ে সাক্ষাৎকার দিয়ে আসছেন। এ ছাড়া আন্তর্জাতিক গণমাধ্যমও শেখ হাসিনার বক্তব্য প্রচার করছে। দেশীয় গণমাধ্যম সেসব সূত্র থেকে শেখ হাসিনার বক্তব্য প্রচার করছে।
এর আগে ২০২৪ সালের ৫ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিদ্বেষপূর্ণ বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দেয়।