জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও জাতীয় ছাত্রশক্তি। পৃথক সংবাদ বিজ্ঞপ্তি ও সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনগুলো তাদের কর্মসূচি তুলে ধরে।
গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রদল জানায়, মাসব্যাপী কর্মসূচির সূচনা হবে ১ জুলাই প্রথম প্রহরে (৩০ জুন রাত ১১টায়) জাতীয় শহীদ মিনারে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শিরোনামে জাতীয় সংগীত পরিবেশন ও মোমবাতি প্রজ¦ালনের মাধ্যমে। এ ছাড়া জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ, আহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে কেন্দ্রের পাশাপাশি সারা দেশের বিভিন্ন ইউনিটে ধারাবাহিক কর্মসূচি পালন করা হবে।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ‘জুলাইয়ের অঙ্গীকার, ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ’ প্রতিপাদ্যে ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করে। কর্মসূচির মধ্যে রয়েছে ‘অদম্য জুলাই’ শিরোনামে দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশ, জুলাই সনদের বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে আন্দোলন, গল্প, উপন্যাস ও গবেষণা প্রকাশ, ‘শিশুদের চোখে জুলাই জাগরণ’ প্রদর্শনী, ডকুফিল্ম প্রতিযোগিতা, সেমিনার, সিম্পোজিয়াম, গবেষণা সম্মেলন, আলোকচিত্র ও ডকুমেন্টারি প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিচারণ, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা, শহীদদের নামে পাঠাগার প্রতিষ্ঠা, ‘জুলাই শহীদ স্মৃতি’ ক্রীড়া প্রতিযোগিতা, শহীদ পরিবার ও আহতদের নিয়ে ‘লাল জুলাই’ পডকাস্ট, গ্রাফিতি অঙ্ক প্রভৃতি। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম।
অন্যদিকে জাতীয় ছাত্রশক্তি গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ‘জুলাই থেকে জাগরণ, জাগরণ থেকে নির্মাণ’ প্রতিপাদ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করে। সংগঠনটির কর্মসূচির মধ্যে রয়েছে রায়েরবাজারে অজ্ঞাত শহীদদের কবর জিয়ারত, ফ্যাসিবাদবিরোধী ছাত্রসংগঠনগুলোর সংহতি সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকচিত্র ও ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনী। এ সময় বক্তব্য দেন ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান।