অনুশীলনে ফিরলেন ‘কিং’ সালাহ, স্বস্তিতে মিশর

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইরানের বিপক্ষে যখন হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে মাঠ ছাড়ছিলেন, তখন পুরো মিসর জুড়ে নেমে এসেছিল আশঙ্কার কালো মেঘ। প্রশ্ন জেগেছিল, তবে কি নকআউটের মহাযুদ্ধের আগেই শেষ হয়ে গেল ‘মিসরীয় রাজার’ বিশ্বকাপ অভিযান?

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ওয়াশিংটনের স্পোকেন ট্রেইনিং গ্রাউন্ডে আবারও চেনা হাসিতে দেখা মোহামেদ সালাহকে। মঙ্গলবার দলের অনুশীলনের একটি অংশে যোগ দিয়ে অধিনায়ক যেন জানিয়ে দিলেন, ডালাসের টিকিট কাটার জন্য তিনি প্রস্তুত।

মিসরীয় ফুটবল অ্যাসোসিয়েশনের অফিসিয়াল পেজে সালাহর অনুশীলনের ছবি পোস্ট করে ক্যাপশন দেওয়া হয়েছে, “দ্য কিং ইজ ব্যাক” বা “রাজার প্রত্যাবর্তন”। আগামী শুক্রবার নকআউট পর্বের শেষ বত্রিশের ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে মিসর। আর এই বাঁচা-মরার লড়াইয়ের আগে ৩৪ বছর বয়সী এই মহাতারকার মাঠে ফেরা দলটির ড্রেসিংরুমে এনে দিয়েছে এক জাদুকরী হাওয়া।

চলতি বিশ্বকাপে মিসরের রূপকথার প্রধান কারিগর এই সালাহই। গ্রুপ পর্বে এক গোল আর দুই অ্যাসিস্ট করে দলকে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে তুলতে নেতৃত্ব দিয়েছেন তিনি। বেলজিয়ামের সমান ৫ পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে রানার্সআপ হয়ে পরের রাউন্ডে এসেছে মিসর। কিন্তু নকআউটের কঠিন মঞ্চে অস্ট্রেলিয়ার মতো শারীরিক ফুটবল খেলা দলের বিপক্ষে সালাহর উপস্থিতি কতটা জরুরি, তা কোচ থেকে শুরু করে সমর্থক সবাই জানেন।

বয়সের লড়াকু কোঠায় দাঁড়িয়ে সালাহ জানেন, এটাই হয়তো বিশ্বমঞ্চে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের শেষ সুযোগ। আর তাই চোটের যন্ত্রণা একপাশে ঠেলে শুক্রবারের লড়াইয়ের আগে নিজেকে নিংড়ে দিতে প্রস্তুত এই কিংবদন্তি। ডালাসের মাঠে শুক্রবার যখন সকারুজদের বিপক্ষে মিশর নামবে, তখন পুরো আরব্য রজনীর স্বপ্নজুড়ে থাকবেন কেবলই একজন—মোহামেদ সালাহ।