সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় একটি মাছের ঘেরের পাশ থেকে সনজিব সরকার (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১ জুলাই) ভোর সকালে উপজেলার ঠেকরা রহিমপুর গ্রামের একটি সড়কের পাশে ঘেরের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সনজিব সরকার ওই গ্রামের গোপাল চন্দ্র সরকারের ছেলে। পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
গোপাল চন্দ্র সরকার জানান, মঙ্গলবার (৩০ জুন) রাত ৮টার দিকে বাবার সঙ্গে বাড়ি থেকে বের হন সনজিব। রাত ১০টার দিকে তার বাবা বাড়িতে ফিরলেও সনজিব ফেরেননি। দীর্ঘ সময় নিখোঁজ থাকায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শেষ রাতে স্থানীয় লোকজন সনজিবের নিজস্ব মাছের ঘেরের বাসার সামনে তার মরদেহ পড়ে থাকতে দেখেন।
গোপাল চন্দ্র সরকারের অভিযোগ, দুর্বৃত্তরা সনজিবকে অন্য কোথাও হত্যা করে ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে মরদেহটি ঘেরের সামনে ফেলে রেখে গেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা। রহস্যজনক এই মৃত্যুর ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ-ওসি শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
ওসি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।