দোকান খুলতে গিয়ে ভেতরে অজগর সাপ, পরে উদ্ধার

আপডেট : ২৯ জুন ২০২৬, ০৫:০৮ পিএম

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নীলডুমুর বাজারের একটি হার্ডওয়্যার দোকানের ভেতর থেকে বড় আকারের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। 

সোমবার (২৯ জুন) সকালে স্থানীয়দের সহযোগিতায় বনবিভাগ ও সিপিজি (কমিউনিটি পেট্রোল গ্রুপ)-এর সদস্যরা সাপটি উদ্ধার করেন।

জানা গেছে, নীলডুমুর বাজারের ব্যবসায়ী হারুন সকালে তার হার্ডওয়্যার দোকান খুলতে গিয়ে ভেতরে একটি বিশাল অজগর সাপ দেখতে পান। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা দোকানের সামনে ভিড় জমান। পরে বনবিভাগকে খবর দেওয়া হলে বনকর্মীরা সিপিজি সদস্য ও স্থানীয়দের সহযোগিতায় সতর্কতার সঙ্গে সাপটি উদ্ধার করেন।

স্থানীয়রা জানান, বাজারের মতো জনবহুল এলাকায় এত বড় অজগর সাপ আগে কখনও দেখা যায়নি। সাপটি কীভাবে দোকানের ভেতরে প্রবেশ করেছে, তা নিশ্চিত হওয়া না গেলেও ধারণা করা হচ্ছে, আশপাশের বনাঞ্চল বা ঝোপঝাড় থেকে খাবারের সন্ধানে এটি লোকালয়ে চলে এসেছে।

বনবিভাগের কর্মকর্তা ইরফান উদ্দিন জানান, উদ্ধার করা অজগরটি সুস্থ রয়েছে। প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে এটিকে নিরাপদে সুন্দরবনের উপযোগী আবাসস্থলে অবমুক্ত করা হবে। একই সঙ্গে তিনি জনসাধারণকে বন্যপ্রাণী দেখলে আতঙ্কিত না হয়ে কিংবা প্রাণীটির ক্ষতি না করে দ্রুত বনবিভাগকে খবর দেওয়ার আহ্বান জানান।

এ ঘটনায় বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে কিছু সময় আতঙ্ক বিরাজ করলেও বনবিভাগের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্থানীয়রা বন্যপ্রাণীটি নিরাপদে উদ্ধারে বনবিভাগ, সিপিজি সদস্য এবং উদ্ধারকাজে অংশ নেওয়া সবাইকে ধন্যবাদ জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত