ঢাকা জেলায় যুক্ত হচ্ছে পূর্বাচলের নারায়ণগঞ্জ ও গাজীপুর অংশ

রাজধানীর উপকণ্ঠে গড়ে ওঠা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অন্তর্ভুক্ত অংশগুলো ঢাকা জেলার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। প্রশাসনিক জটিলতা দূর করে একক কর্তৃপক্ষের মাধ্যমে প্রকল্প পরিচালনার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নিকারের ১২১তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে নতুন তিনটি উপজেলা গঠনসহ মোট ছয়টি প্রস্তাব উত্থাপন করা হলে পাঁচটি অনুমোদন পায়।

বৈঠক সূত্রে জানা গেছে, প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে রাজউকের পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের নারায়ণগঞ্জ ও গাজীপুর অংশ ঢাকা জেলার অন্তর্ভুক্ত করা হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, পূর্বাচল নতুন শহর প্রকল্পের বড় অংশ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এবং বাকি অংশ গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় অবস্থিত। প্রকল্পটি তিন জেলার প্রশাসনিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকায় বিভিন্ন সেবা ও ব্যবস্থাপনায় দীর্ঘদিন ধরে জটিলতা তৈরি হচ্ছিল। এ কারণে পুরো প্রকল্পকে ঢাকা জেলার অধীনে আনার প্রস্তাব দেয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, যা নিকার সভায় অনুমোদন পেয়েছে।

একই বৈঠকে চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাঙ্গরা এবং ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও নামে তিনটি নতুন উপজেলা গঠনের অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি চট্টগ্রারের হাটহাজারী থানা বিভক্ত করে হালদা থানা গঠনেরও অনুমোদন দেওয়া হয়েছে।