বার কাউন্সিলের সদস্য হলেন চন্দনাইশের নাজিম উদ্দিন

দেশের আইনজীবী পেশার সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল পরিচালনার জন্য সরকারের গঠিত ১৫ সদস্যের অ্যাড-হক বার কাউন্সিলের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন চট্টগ্রামের চন্দনাইশের কৃতিসন্তান, জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ মঙ্গলবার (৩০ জুন) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। 

নতুন অ্যাড-হক বার কাউন্সিল ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত এক বছরের জন্য দায়িত্ব পালন করবে। কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল।

অ্যাডভোকেট মো. নাজিম উদ্দিন চৌধুরী বর্তমানে চন্দনাইশ প্রেস ক্লাবের উপদেষ্টা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি। এছাড়া তিনি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে আইন পেশায় দক্ষতা, নেতৃত্ব ও সাংগঠনিক ভূমিকার জন্য তিনি আইনজীবী মহলে সুপরিচিত।

চন্দনাইশের একজন কৃতী সন্তান হিসেবে দেশের সর্বোচ্চ আইনজীবী নিয়ন্ত্রক সংস্থার সদস্য নির্বাচিত হওয়ায় স্থানীয়রা উচ্ছ্বসিত। আইনজীবী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ অর্জনকে চন্দনাইশবাসীর জন্য গর্বের বলে অভিহিত করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার, ১৯৭২-এর ৪(২) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার এ অ্যাড-হক বার কাউন্সিল গঠন করেছে। আইন ও বিধিমালা অনুযায়ী কাউন্সিল তার ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবে।

নতুন অ্যাড-হক বার কাউন্সিলের সদস্যরা হলেন— সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল, মাসুদ আহমেদ তালুকদার, জসীম উদ্দীন সরকার, এ এইচ এম মুশফিকুর রহমান তুহিন, রাগীব রউফ চৌধুরী, নাসির উদ্দিন অসীম, সরকার তাহমিনা বেগম সন্ধ্যা, মোহাম্মদ হোসেন লিপু, মোহাম্মদ শিশির মনির, মো. নাজিম উদ্দিন চৌধুরী, আলী আসগর, সৈয়দ নজরুল ইসলাম এবং মাহফুজুর রহমান মিলন।

চন্দনাইশের আইনজীবী ও সচেতন মহলের প্রত্যাশা, অ্যাডভোকেট মো. নাজিম উদ্দিন চৌধুরী তার অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে বাংলাদেশ বার কাউন্সিলের কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।