গাজীপুরের কালীগঞ্জে পৃথক ২টি ঘটনায় এক গৃহবধূ ও এক যুবক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৩০ জুন) উপজেলার দুটি স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, উপজেলার জামালপুর ইউনিয়নের সুপার গ্রামের কামরুল ইসলাম খানের মেয়ে কণা আক্তার (১৯) নানাবাড়ি কাপাইসা এলাকায় বেড়াতে গিয়েছিলেন। মঙ্গলবার সকালে সৌদি প্রবাসী স্বামী মেহেদীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলার সময় তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে বিকেলে নানাবাড়িতে একটি কক্ষের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি। জানালা দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে স্বজনরা পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কণা আক্তার জাঙ্গালিয়া ইউনিয়নের দুবুরিয়া এলাকার মাসুদের ছেলে সৌদি প্রবাসী মেহেদীর স্ত্রী।
স্বজনদের দাবি, ২০২৫ সালের নভেম্বর মাসে পারিবারিকভাবে কণার বিয়ে হয়। বিয়ের এক মাস পর স্বামী বিদেশে চলে গেলে শাশুড়ির সঙ্গে পারিবারিক কলহ শুরু হয়। একপর্যায়ে তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। এছাড়া শ্বশুরবাড়ির পক্ষ থেকে যৌতুক ও বিভিন্ন জিনিসপত্রের দাবিতে চাপ সৃষ্টি করা হচ্ছিল। এসব কারণে কণা বাবার বাড়িতে এসে বসবাস শুরু করেছিলেন।
অপরদিকে উপজেলার নাগরী ইউনিয়নের রাথুরা দর্জিবাড়ি এলাকার আমির হোসেনের ছেলে সৈয়দ আফ্রিদি (২৩) আত্মহত্যা করেন।
স্বজনরা জানান, আফ্রিদির সঙ্গে একই এলাকার এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি ওই তরুণী তার সঙ্গে যোগাযোগ কমিয়ে দেন এবং বিয়ের প্রস্তাবও প্রত্যাখ্যান করেন। প্রেমিকার পেছনে গত এক বছরে পারিবারিক জমি বিক্রি ও আত্মীয়স্বজনের কাছ থেকে ধার করে বিপুল অর্থ ব্যয় করায় তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েন। এতে মানসিকভাবে ভেঙে পড়ে মঙ্গলবার দুপুরে নিজ ঘরের দরজা বন্ধ করে গামছা দিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। পরে স্বজনরা দরজা ভেঙে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, "দুটি ঘটনাই অত্যন্ত দুঃখজনক। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"