শিক্ষার্থীদের জন্য আরও উন্নত ও মানসম্মত সেবা নিশ্চিত করতে নতুন আঙ্গিকে সাজানো হয়েছে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র ও ছাত্রীদের পৃথক ক্যান্টিন। এ উপলক্ষে বুধবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশ বিজ্ঞানী প্রফেসর ড. মো. আবদুর রব।
ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও ক্যান্টিন কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাজমুল হক শিকদার শিবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মো. মনিরুল ইসলাম এবং রেজিস্ট্রার এ. এইচ. এম. আবু সাঈদ।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো. আবদুর রব বলেন, “মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের সার্বিক সুযোগ-সুবিধা নিশ্চিত করাকে সর্বদা অগ্রাধিকার দেয়। সে লক্ষ্যেই ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক ক্যান্টিনের ব্যবস্থা করা হয়েছে। নতুনভাবে ক্যান্টিনগুলোর পরিবেশ ও সেবার মান উন্নত করা হয়েছে। পাশাপাশি শিগগিরই উভয় ক্যান্টিনের সম্প্রসারণের কাজও শুরু করা হবে।”
অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং ক্যান্টিন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ক্যান্টিনের কার্যক্রমের সফলতা এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণ কামনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আইন বিভাগের প্রধান আব্দুল্লাহ হিল গণি।