পুলিশ সার্ভিসের বিবৃতি

বৈষম্যের শিকার পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচারের প্রতিবাদ

পুলিশ বাহিনীর মনোবল দুর্বল করে রাষ্ট্রের নিরাপত্তাব্যবস্থাকে অস্থিতিশীল করার লক্ষ্যে পুলিশের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট সংবাদ ছড়িয়ে পরিকল্পিতভাবে অপপ্রচারে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। গতকাল বুধবার অ্যাসোসিয়েশনের এক বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন ফেসবুক গ্রুপ, পেজ ও সামাজিক মাধ্যমে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও মনগড়া তথ্য ছড়িয়ে দ্রুত ভাইরাল করা হচ্ছে।

অ্যাসোসিয়েশনের মতে, ২০২৪ সালের জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার বিপ্লবের পর দেশে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে। পরবর্তীতে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ বাহিনী জনসেবা ও পেশাদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে নতুন উদ্যমে কাজ শুরু করে। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অপতৎপরতা চালাচ্ছে, যাতে পুলিশ সদস্যরা স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করতে না পারেন। বিশেষ করে অতীতে বৈষম্যের শিকার হওয়া যেসব দক্ষ, সৎ ও যোগ্য কর্মকর্তা বর্তমানে দুর্নীতি ও অপরাধ দমনে কঠোর ভূমিকা রাখছেন, তাদের লক্ষ্য করেই এই কুৎসা রটানো হচ্ছে।

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন সামাজিক মাধ্যমে এ ধরনের অপতৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। একই সঙ্গে অ্যাসোসিয়েশন বিশ্বাস করে, এ ধরনের অপপ্রচার ও বিভ্রান্তি রুখে দিয়ে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ পুলিশের সব সদস্য পেশাদারিত্বের সঙ্গে আইন প্রয়োগে আরও কঠোর ও দৃঢ় পদক্ষেপ নেবে।