ঢাকাসহ দেশের ১৬টি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আজ বৃহস্পতিবার (২ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এই আশঙ্কার কথা জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, ঝোড়ো হাওয়ার পাশাপাশি এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। পরিস্থিতি বিবেচনায় ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত সংশ্লিষ্ট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে উপকূলীয় ও নদীকেন্দ্রিক এলাকাবাসীকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।