চলতি ২০২৬ সালের জুন মাসেও বাংলাদেশের সংবাদকর্মীদের জন্য কর্মপরিবেশ ছিল অত্যন্ত উদ্বেগজনক। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সারাদেশে সাংবাদিকরা শারীরিকভাবে হামলা, নির্যাতন, আইনি হয়রানি এবং জীবননাশসহ নানা হুমকির সম্মুখীন হয়েছেন। দেশের মূলধারার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে সংগৃহীত তথ্যানুযায়ী, এই মাসে অন্তত ৫৯ জন সংবাদমাধ্যমকর্মী বিভিন্ন ধরণের নিগ্রহের শিকার হয়েছেন।
বুধবার (১ জুলাই) সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জার্নালিস্টস (বিএজে) এর এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
জুন মাসে সারা দেশে অন্তত ৪০টি ঘটনায় ৫১ জন সংবাদকর্মী শারীরিক হামলা, নির্যাতন ও লাঞ্ছনার শিকার হয়েছেন। এসব হামলার ঘটনা ঘটিয়েছেন মাদক ব্যবসায়ী, রাজনৈতিক দলের উশৃঙ্খল নেতাকর্মী, পেশাজীবী ও ঠিকাদাররা। এছাড়া সাংবাদিকরা নিজেরাও একে অপরের ওপর হামলা করার মতো ঘটনা ঘটেছে এ মাসে। নিগ্রহের শিকারদের মধ্যে তিনজন স্থানীয়, সামাজিক ও জায়গা-জমি বিষয়ক ঘটনায় হামলার শিকার হন।
জুন মাসে মোট ৬ জন সাংবাদিক আইনি হয়রানি ও গ্রেপ্তার হয়েছেন। এর মধ্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ভুয়া, বিভ্রান্তিকর ও মানহানিরকর তথ্য প্রচারে’র অভিযোগে দায়ের করা এক মামলায় একই সংবাদ মাধ্যমের চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
এছাড়া শরীয়তপুরের ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কর্মকারের ওপর হামলার ঘটনায় দায়ের করা একটি চাঁদাবাজি মামলায় স্থানীয় এক সাংবাদিককে আসামি করা হয়। তিনি সেদিন হামলার ঘটনার ভিডিও করছিলেন। এছাড়া সাতক্ষীরার এক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়।
এছাড়া শুধুমাত্র হুমকি ও ডাকাতির শিকার হয়েছেন ২ সংবাদকর্মী।