খামেনির দাফন শেষে আবারও মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র-ইরান

কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত পরোক্ষ আলোচনায় ইতিবাচক অগ্রগতির খবর পাওয়া গেছে। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীদের প্রত্যক্ষ অংশগ্রহণে এই বৈঠকটি সম্পন্ন হয়। বৈঠকে মূলত সাম্প্রতিক সমঝোতা স্মারক বা এমওইউ-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা হয়েছে এবং বেশ কিছু বিষয়ে উভয় পক্ষ ঐকমত্যে পৌঁছাতে সক্ষম হয়েছে বলে জানা গেছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এই অগ্রগতির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দোহায় মার্কিন এবং ইরানি আলোচকদের সঙ্গে পৃথক পৃথক বৈঠকের মাধ্যমে মধ্যস্থতাকারীরা আলোচনার ধারা এগিয়ে নিয়েছেন। বিশেষ করে ইসলামাবাদ সমঝোতা স্মারক এবং লেক লুসার্ন সম্মেলনের প্রাপ্ত ফলাফলকে ভিত্তি ধরে আলোচনার জটিল বিষয়গুলোর সমাধান খোঁজা হচ্ছে।

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনির মৃত্যু এবং তার পরবর্তী পরিস্থিতির কারণে আলোচনার ধারাবাহিকতা বজায় রাখা এখন বড় চ্যালেঞ্জ। তবে উভয় পক্ষই আলোচনার প্রক্রিয়া অব্যাহত রাখার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। মাজেদ আল-আনসারি আরও উল্লেখ করেন যে, আলি খামেনির জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার পরপরই পরবর্তী বৈঠকের তারিখ ও সময় নির্ধারণ করা হবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি নিহত হন। তার প্রয়াণে পুরো অঞ্চলে শোকের ছায়া নেমে এসেছে। আগামী শুক্রবার ৩ জুলাই তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ধর্মীয় ও রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে আবারও আন্তর্জাতিক কূটনীতির টেবিলে বসবেন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা, যা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।