ব্রাহ্মণবাড়িয়ায় নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় লাকি আক্তার নামে একজন নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার গুনিয়াউক ইউনিয়নের ভাড়া বাসা থেকে বুধবার (১ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত লাকি আক্তার (২৮) পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রামপুর গ্রামের মো. সামসুল হুদার মেয়ে ও গুনিয়াউক ১০ শয্যার হাসপাতালের একজন সিনিয়র স্টাফ নার্স। তার শ্বশুরবাড়ি জেলার আখাউড়া উপজেলায়। স্বাস্থ্যকেন্দ্রের পাশেই একটি বাড়িতে ভাড়ায় থাকতেন তিনি।

স্থানীয়দের বরাতে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল ইসলাম জানান, ৯ বছর আগে  আখাউড়া উপজেলার আদমপুর গ্রামের মৃত হুমায়ুন কবীরের ছেলে শরীফ আহমেদের (৩৫) সঙ্গে লাকির বিয়ে হয়। লাকি নাসিরনগর উপজেলার গুনিয়াউক গ্রামের মুন্সী মুজাহিদ  আলীর বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন। বুধবার সকাল আটটা থেকে দুপুর আড়াই পর্যন্ত নিজের কর্মস্থল গুনিয়াউক ১০ শয্যার হাসপাতালে দায়িত্ব পালন করেন লাকি আক্তার। বিকেল সাড়ে ৪টার দিকে ভাড়া বাসার দ্বিতীয় তলায় পাখার লোহার হুকের সঙ্গে গলায় রশি পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যার করেন তিনি। খবর পেয়ে সন্ধ্যায় নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন নোমান মিয়া বলেন, একজন সিনিয়র স্টাফ নার্স আত্মহত্যা করেছেন বলে জানতে পেরেছি। স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে স্থানীয়রা জানিয়েছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।