সূর্যকে আড়াল করে নামবে রাতের আঁধার, কবে সেই দিন

মহাকাশ বিজ্ঞানের এক বিরল ও রোমাঞ্চকর ঘটনার অপেক্ষায় পুরো পৃথিবী। দীর্ঘ দুই বছরের বেশি সময়ের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও ঘটতে যাচ্ছে পূর্ণ সূর্যগ্রহণ। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুযায়ী, আগামী ১২ আগস্ট মহাজাগতিক এই দৃশ্যপট তৈরি হবে। এই সময়ে চাঁদ সূর্য ও পৃথিবীর ঠিক মাঝখানে অবস্থান নেওয়ায় সূর্য পুরোপুরি আড়াল হয়ে যাবে। ফলে পৃথিবীর নির্দিষ্ট কিছু অঞ্চলে দিনের বেলাতেই নেমে আসবে ঘুটঘুটে অন্ধকার।

১২ আগস্টের এই সূর্যগ্রহণের পূর্ণ ছায়াপথটি হবে প্রায় আট হাজার ৩০০ কিলোমিটার দীর্ঘ। এটি আর্কটিক অঞ্চলের উপকূল থেকে যাত্রা শুরু করে উত্তর মেরুর নিকটবর্তী এলাকা, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড এবং পর্তুগাল ও স্পেনের উত্তরাঞ্চলের ওপর দিয়ে অতিক্রম করবে। এসব অঞ্চলে ২০ সেকেন্ড থেকে শুরু করে দুই মিনিটের বেশি সময় পর্যন্ত স্থায়ী হতে পারে পূর্ণ সূর্যগ্রহণ। এই সময় সূর্যের আলো পুরোপুরি ঢাকা পড়ে এক অদ্ভুত ছায়াময় পরিবেশের সৃষ্টি হবে।

শুধু পূর্ণগ্রাস নয়, এই মহাজাগতিক ঘটনাটি দেখার সুযোগ পাবেন আরও অনেক দেশের মানুষ। ইউরোপ, আফ্রিকা এবং উত্তর আমেরিকার বিশাল এক অংশ জুড়ে দেখা যাবে আংশিক সূর্যগ্রহণ। যেখানে সূর্যের একটি অংশ চাঁদের আড়ালে থাকলেও বাকি অংশ দৃশ্যমান থাকবে। আবহাওয়া অনুকূলে থাকলে এই বিরল দৃশ্যটি সবচেয়ে স্পষ্টভাবে উপভোগ করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

পূর্ণ সূর্যগ্রহণের এমন মাহেন্দ্রক্ষণকে ঘিরে বিশেষ করে স্পেনে প্রবল উত্তেজনা দেখা দিয়েছে। দেশটিতে শেষবার ১৯০৫ সালে মূল ভূখণ্ড থেকে পূর্ণ সূর্যগ্রহণ দেখা গিয়েছিল। ফলে ১২০ বছরের বেশি সময় পর আবারও এমন ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছেন দেশটির নাগরিকরা। এর আগে সর্বশেষ পূর্ণ সূর্যগ্রহণ ২০২৪ সালের ৮ এপ্রিল উত্তর ও মধ্য আমেরিকার আকাশ থেকে দৃশ্যমান হয়েছিল।