লোপেজের মন্তব্যে সমালোচনার ঝড়

মার্কিন পপস্টার ও অভিনেত্রী জেনিফার লোপেজের ব্যক্তিজীবন বরাবরই চর্চার কেন্দ্রে থাকে।  তবে চার চারবার সংসার ভাঙার পরও ভেঙে পড়েননি। উল্টো বিচ্ছেদ বা ব্রেকআপকে জীবনের অন্যতম বড় ‘সাফল্য’ ও নতুন শুরুর সুযোগ হিসেবে দেখছেন ৫৬ বছর বয়সী এই তারকা। তার মতে, সম্পর্ক ভাঙলে মন খারাপ না করে বরং আনন্দ করা উচিত, দেওয়া উচিত পার্টি। 

লোপেজ মনে করেন, জীবনের সবচেয়ে বড় শিক্ষাগুলো আসে ধাক্কা খাওয়ার পর থেকে। তিনি বলেন, ‘মানসিক, মনস্তাত্ত্বিক এবং আবেগীয় দিক থেকে আমার জীবনের সবচেয়ে বড় বিকাশগুলো ঘটেছে হৃদয় ভাঙার পর থেকে। এটা শুধু রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে নয়, ক্যারিয়ারের ব্যর্থতা বা কাজের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।’ 

বিচ্ছেদ মানুষকে নিজের দিকে তাকাতে বাধ্য করে উল্লেখ করে এই পপ তারকা আরও বলেন, ‘হৃদয় ভাঙলেই কেবল মানুষ নিজের ভেতরে খোঁজাখুঁজি শুরু করে। তখন মানুষ নিজেকে প্রশ্ন করে, ‘কী ঝামেলাটা হলো? আমি এখন কী করব? কেন বারবার আমার সাথেই এমন হচ্ছে? অথবা ওটা কেন হলো না? আমি আরও ভালো কী করতে পারতাম?’ আর এভাবেই মানুষ নিজেকে পরিবর্তন করে।’ 

সাধারণত সমাজ ব্রেকআপ বা ডিভোর্সকে নেতিবাচক চোখে দেখলেও জেনিফারের ভাবনা একেবারেই উল্টো। তিনি চান মানুষ যেন বিচ্ছেদকে উদযাপন করে। লোপেজের কথায়, ‘আমাদের উচিত ব্রেকআপের পর পার্টি করা। মানুষের বলা উচিত, ‘তোমাদের ব্রেকআপ হয়ে গেছে? অভিনন্দন!’ কারণ, প্রথমত আপনি একটা সিদ্ধান্ত নিতে পেরেছেন। দ্বিতীয়ত, এটা সম্ভবত সবার জন্যই সবচেয়ে ভালো একটা বিষয় হয়েছে।’ 

জেনিফার লোপেজের এমন মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় বইছে অন্তর্জালে। অনেকেই নেতিবাচক কমেন্ট করেছেন।