মার্কিন গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ (সংক্ষেপে জেলো) ১৮৬ ক্যারেটের দুর্লভ হীরার হার পরে আবারও আলোচনায়। ‘সিসিলিয়া’ নামের হারটির দাম প্রায় ১৪৫ কোটি টাকা। এত দামি গয়নার নিরাপত্তায় রাখা হয়েছিল চারজন রক্ষী, যাদের দুজনই ছিলেন দায়িত্বের বাইরে থাকা সশস্ত্র পুলিশ কর্মকর্তা।
গত বৃহস্পতিবার রাতে কনসার্টভিত্তিক চলচ্চিত্র ‘দ্য জেলো শো’-এর প্রিমিয়ারে ইতালীয় ফ্যাশন ব্র্যান্ড ডলচে অ্যান্ড গাবানার নকশা করা পোশাকে হাজির হন লোপেজ। তার গলার হারটির সবচেয়ে আকর্ষণীয় অংশ ১১০ ক্যারেটের হলুদ রঙের নাশপাতি আকৃতির হীরা।
লোপেজ জানান, গত জুলাইয়ে ইতালির তাওরমিনায় ডলচে অ্যান্ড গাবানার ফ্যাশন শোতে প্রথম তার পছন্দ হয়েছিল পোশাক ও হারটি। প্রিমিয়ারের জন্য ব্র্যান্ডটি তাকে হারটি ধার দিয়েছে।তবে এত দামি গয়না নিজের কাছে রাখার ইচ্ছা নেই তার। লোপেজের ভাষায়, এটি এমন একটি গয়না, যা প্রজন্মের পর প্রজন্ম উত্তরাধিকার হিসেবে রেখে দেওয়া যায়।
‘দ্য জে-লো শো: লাইভ ইন লাস ভেগাস’ আগামী ২৬ নভেম্বর রাত ৮টায় যুক্তরাষ্ট্রের সিবিএস ও প্যারামাউন্ট প্লাসে প্রচারিত হবে। এর বর্ধিত সংস্করণ দেখা যাবে প্যারামাউন্ট প্লাসে।