বহুল আলোচিত কৃষ্ণসার হরিণ (ব্ল্যাকবাক) শিকার মামলাকে ঘিরে নির্মিতব্য ছবি 'কালা হিরণ: দ্য ব্যাটল ফর লেগেসি' নিয়ে আইনি জটিলতা আরও বাড়ল। অভিনেতা সালমান খানের করা আবেদনের শুনানি, আবারও পিছিয়ে দিয়েছে দিল্লি হাই কোর্ট। ফলে ছবির মুক্তি ও প্রচার নিয়ে আপাতত অনিশ্চয়তা থেকেই গেল।
সালমান খানের অভিযোগ, তার অনুমতি ছাড়াই ছবিতে তার জীবন, ব্যক্তিগত ভাবমূর্তি এবং ১৯৯৮ সালের ব্ল্যাকবাক মামলার ঘটনাকে এমনভাবে ব্যবহার করা হয়েছে, যা তাঁর ব্যক্তিগত অধিকারের পরিপন্থী। সেই কারণেই তিনি আদালতের দ্বারস্থ হয়ে ছবির প্রচার ও মুক্তিতে স্থগিতাদেশ চেয়েছেন।
বুধবার (১ জুলাই) বিচারপতি জ্যোতি সিংয়ের এজলাসে মামলার শুনানি হলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। আদালত ছবির নির্মাতাদের কাছে স্পষ্টভাবে জানতে চেয়েছে, কবে এবং কীভাবে ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে। নির্মাতাদের পক্ষের আইনজীবী আদালতকে জানান, এখন পর্যন্ত শুধুমাত্র ছবির টিজার প্রকাশ করা হয়েছে, পূর্ণাঙ্গ ছবি মুক্তি পায়নি। পাশাপাশি তার আশ্বাস দেন, আগামী সোমবারের আগে ছবিটি সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (CBFC)-এর কাছে সেন্সরের জন্য জমা দেওয়া হবে না।