থাইল্যান্ডে বৌদ্ধ শোভাযাত্রায় ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৮ ভিক্ষু

থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় মুকদাহান প্রদেশে একটি বৌদ্ধ ধর্মীয় শোভাযাত্রায় পিকআপ ট্রাক ঢুকে পড়ায় আটজন বৌদ্ধ ভিক্ষু নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ থেকে ২০ জন আহত হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার তথ্যানুযায়ী বৃহস্পতিবার (২ জুলাই) স্থানীয় সময় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ১১ বছর বয়সী এক ছেলে পরিবারের অনুমতি ছাড়াই তার বাবা-মায়ের পিকআপ ট্রাক নিয়ে বের হয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের পাশে হাঁটতে থাকা ভিক্ষুদের শোভাযাত্রার মধ্যে ঢুকে পড়ে। 

শোভাযাত্রায় প্রায় ৩০ জন ভিক্ষু ও সাধারণ ধর্মানুসারী প্রায় ২৬০ কিলোমিটার দীর্ঘ পদযাত্রায় অংশ নিয়েছিলেন। তারা মুকদাহান থেকে উবন রাতচাথানি প্রদেশের উদ্দেশে যাত্রা শুরু করার প্রায় আধা ঘণ্টা পরই এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় উদ্ধারকারী সংস্থা রুয়াম জাই মুকদাহান রেসকিউ অ্যাসোসিয়েশনের প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভিক্ষুরা সড়কের একপাশে সারিবদ্ধভাবে হাঁটছিলেন। এমন সময় দ্রুতগতির পিকআপ ট্রাকটি তাদের ওপর উঠে যায়। ঘটনাস্থলেই পাঁচজন ভিক্ষুর মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান।

স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, আহত চার ভিক্ষুর অবস্থা সংকটাপন্ন। এছাড়া অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন এবং আরও কয়েকজনকে সামান্য আঘাতের জন্য চিকিৎসা দেওয়া হচ্ছে।

মুকদাহান প্রাদেশিক পুলিশের প্রধান মেজর জেনারেল পাইরোজ থাইফুতসা বলেন, ছেলেটিকে হেফাজতে নেওয়া হয়েছে। শিশু সুরক্ষা কর্মকর্তারা আসার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

তিনি আরও জানান, দুর্ঘটনার কারণ নিশ্চিত করতে পিকআপ ট্রাকটি ফরেনসিক পরীক্ষার জন্য জব্দ করা হয়েছে। একই সঙ্গে শিশুটির অভিভাবকদের ডেকে পাঠানো হয়েছে, যাতে আইন অনুযায়ী তার দায়িত্ব এবং সম্ভাব্য আইনি জবাবদিহি নির্ধারণ করা যায়।

থাইল্যান্ডে বৌদ্ধ ভিক্ষুরা অত্যন্ত সম্মানিত। তারা বুদ্ধের শিক্ষা সংরক্ষণ ও প্রচারের দায়িত্ব পালন করেন। নিয়মিত ধর্মীয় শোভাযাত্রা ও পদযাত্রায় অংশ নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের কাছ থেকে দান গ্রহণ করাও তাদের ধর্মীয় অনুশীলনের একটি গুরুত্বপূর্ণ অংশ।