ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদর (ডাকসু) উদ্যোগে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ৫ টন করে ২১টি এসি স্থাপন করা হয়েছে। তবে কর্তৃপক্ষ বিদ্যুৎ সংযোগ না দেওয়ায় এগুলো কোনও কাজে আসছে না। এর কারণ উল্লেখ করে ব্যাখ্যা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৈদ্যুতিক সাব-স্টেশন বা এসি স্থাপনের উপযোগী সার্ভিস ক্যাবল না থাকায় দুর্ঘটনা এড়াতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডাকসুর উদ্যোগে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ৫ টন করে মোট ২১টি এসি স্থাপন করা হয়েছে। এসব এসি পরিচালনার জন্য মসজিদে কোন বৈদ্যুতিক সাব-স্টেশন বা এসি স্থাপনের উপযোগী সার্ভিস ক্যাবল নেই। যে সাব-স্টেশন থেকে মসজিদের বৈদ্যুতিক সংযোগ দেওয়া আছে, সে সাব-স্টেশনেরও ২১টি এসি চালানোর মতো সক্ষমতা নেই।
বর্তমান পরিস্থিতিতে এসির বৈদ্যুতিক সংযোগ দিলে অগ্নিকান্ডসহ ভয়াবহ দুর্ঘটনার আশংকা আছে। এতে কেন্দ্রীয় লাইব্রেরি, সামাজিক বিজ্ঞান ভবনসহ সংশ্লিষ্ট ভবনসমূহের বৈদ্যুতিক সংযোগ বিছিন্ন হয়ে পড়বে। এ কারণে মসজিদের এসির বৈদ্যুতিক সংযোগ দেওয়া সম্ভব হয়নি।