ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বয়ে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ১৩ জন নিহত এবং আহত হয়েছেন ৮৬ জন। হামলায় একটি বহুতল আবাসিক ভবনের একাংশ ধসে পড়েছে। একই সময়ে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার বিভিন্ন অঞ্চলে অন্তত দুজন নিহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গতকাল বৃহস্পতিবার চালানো হামলার পর কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো জানান, সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি ৯তলা আবাসিক ভবনের ছয়টি তলা ধসে পড়েছে। কিয়েভ সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো বলেন, আহতদের মধ্যে দুই শিশু রয়েছে। ধ্বংসস্তূপের নিচে কয়েকজন আটকা পড়ে আছেন বলেও জানান তিনি। অনলাইনে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, শহরের কেন্দ্রস্থলের শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের চূড়ায় আগুন জ্বলছে। বেশ কয়েকটি ভবনের জানালা ভেঙে গেছে এবং অসংখ্য গাড়ি ধ্বংস হয়েছে।
রাশিয়ার দাবি, সম্প্রতি তাদের বেসামরিক অবকাঠামোতে ইউক্রেনের হামলার প্রতিশোধ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে রাতভর সম্ভাব্য আকাশ হামলার বিষয়ে সতর্ক করেছিলেন জেলেনস্কি। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পর্যায়ক্রমিক সভাপতিত্বের ছয় মাসের মেয়াদ শুরু উপলক্ষে আয়ারল্যান্ডের ডাবলিনে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তিনি। তবে কিয়েভে হামলার খবর পেয়ে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে যান।