বিশ্বকাপ শেষেই কি অবসর? মুখ খুললেন রোনালদো

ফিফা বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে রোমাঞ্চকর জয়ের পর পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর অবসর নিয়ে ফুটবল বিশ্বে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। তবে এখনই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে সাফ জানিয়ে দিয়েছেন ৪১ বছর বয়সী এই স্ট্রাইকার।

দলবদল বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন রোনালদোর বোন কাতিয়া আভেইরো ইঙ্গিত দিয়েছেন যে এই বিশ্বকাপই হতে যাচ্ছে সিআর সেভেনের শেষ টুর্নামেন্ট। বোনের এমন মন্তব্যের পর ফুটবল পাড়ায় হইচই পড়ে যায়।

তবে ক্রোয়েশিয়াকে হারানের পর সংবাদমাধ্যমকে রোনালদো এই গুঞ্জন কিছুটা স্তিমিত করেন। নিজের ভবিষ্যৎ তিনি বলেন, 

"জাতীয় দলকে যেভাবে সমর্থন করে যাচ্ছেন, সেভাবেই সমর্থন করে যান এবং ম্যাচ বাই ম্যাচ চিন্তা করুন। এই মুহূর্তে ক্রিশ্চিয়ানোর ভবিষ্যৎ গুরুত্বপূর্ণ নয়। আমি আমার পরিবারের সাথে কথা বলব এবং তারপর সিদ্ধান্ত নেব। আবেগের বশে বা তাড়াহুড়ো করে আমি আর কোনো সিদ্ধান্ত নিই না। এখন বিশ্রাম নেওয়ার এবং পরের ম্যাচের জন্য প্রস্তুতি নেওয়ার সময়।"

রেকর্ডময় রাত এবং কোয়ার্টার ফাইনালের লড়াই

বৃহস্পতিবার টরন্টোতে অনুষ্ঠিত শেষ ৩২-এর ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ২-১ ব্যবধানে জয় পায় পর্তুগাল। ম্যাচের ৫৩ মিনিটে ইভান পেরিসিচের গোলে ক্রোয়েশিয়া এগিয়ে গেলেও, এর ১৩ মিনিট পর পেনাল্টি থেকে গোল করে পর্তুগালকে সমতায় ফেরান রোনালদো। এটি ছিল বিশ্বকাপের নকআউট পর্বে ৫টি আসর খেলার পর রোনালদোর প্রথম গোল। পরবর্তীতে বদলি খেলোয়াড় গনসালো রামোসের দুর্দান্ত হেডে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে রবার্তো মার্তিনেজের দল।

এই গোলের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে নিজের গোলসংখ্যা ১৪৬-এ নিয়ে গেলেন আল-নাসর তারকা, আর ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৭৬-এ। চলতি বিশ্বকাপে ৩ গোল করা রোনালদো গোল্ডেন বুটের দৌড়ে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের চেয়ে ৩ গোল পিছিয়ে আছেন।

আগামী সোমবার (৬ জুলাই) ডালাসে টুর্নামেন্টের অন্যতম হাইভোল্টেজ ম্যাচে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে পর্তুগাল।