বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী তেলের দাম

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে কূটনৈতিক তৎপরতা অব্যাহত থাকার মধ্যে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও কিছুটা বেড়েছে। টানা তিন কার্যদিবস দাম কমার পর শুক্রবার (৩ জুলাই) ব্রেন্ট ও যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ডব্লিউটিআই উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, শুক্রবার গ্রিনিচ মান সময় দুপুর ১টা ৫৫ মিনিট পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১৭ সেন্ট বা শূন্য দশমিক ২৪ শতাংশ বেড়ে ৭২ দশমিক ১০ ডলারে ওঠে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১৪ সেন্ট বা শূন্য দশমিক ২০ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৬৮ দশমিক ৮৩ ডলারে পৌঁছায়।

এর আগে টানা দরপতনের ফলে উভয় ধরনের তেলের দাম ফেব্রুয়ারির শেষ দিকে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল উত্তেজনা শুরুর আগের সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল।

তবে সাপ্তাহিক হিসাবে ব্রেন্টের দাম শূন্য দশমিক ০২ শতাংশ কমেছে। বিপরীতে ডব্লিউটিআইয়ের দাম বেড়েছে শূন্য দশমিক ১২ শতাংশ। কয়েক মাসের মধ্যে এটি দুই সূচকের সবচেয়ে সীমিত সাপ্তাহিক ওঠানামা।

এদিকে কাতারের দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই দিনব্যাপী পরোক্ষ বৈঠক বৃহস্পতিবার শেষ হয়েছে। আলোচনায় দুই সপ্তাহ আগে হওয়া অন্তর্বর্তী সমঝোতায় নির্ধারিত বিষয়গুলোই প্রাধান্য পেয়েছে। বৈঠকে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বৈঠকে হরমুজ প্রণালিতে নৌ চলাচল স্বাভাবিক রাখা এবং ইরানের জব্দ থাকা অর্থ ছাড়ের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে। অন্তর্বর্তী সমঝোতার অন্যতম প্রধান বিষয় ছিল এগুলো।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে ইসলামাবাদ সমঝোতা স্মারক (এমওইউ) ও লেক লুসার্ন সম্মেলন-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়েছে। একই সঙ্গে আলোচনার ধারা অব্যাহত রাখার বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে।

মন্ত্রণালয়ের ভাষ্য, ইরানের সদ্যপ্রয়াত সর্বোচ্চ নেতার জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর যত দ্রুত সম্ভব পরবর্তী বৈঠকের সময় নির্ধারণ করা হবে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ও একই তথ্য জানিয়ে বলেছে, পরবর্তী দফার আলোচনা জানাজা-পরবর্তী সময়েই অনুষ্ঠিত হবে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, তার দাফন আগামী ৯ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা।