নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ অনুষ্ঠিত

পদ্মা নদীসহ দেশের সব নদ-নদী রক্ষা, নাব্যতা সংকট দূর, নদীদখল ও দূষণ প্রতিরোধ এবং আন্তর্জাতিক অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহীতে  ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সকালে নগরের লালনশাহ মুক্তমঞ্চে সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ এই মিনি ম্যারাথনের উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

মিনি ম্যারাথনটি লালনশাহ মুক্তমঞ্চ থেকে শুরু হয়ে ফুড অফিস মোড় ঘুরে আবার মুক্তমঞ্চে এসে শেষ হয়। এতে বিভিন্ন বয়সী প্রায় ৫শ জন প্রতিযোগীতায় অংশ নেন। তাদের মধ্যে শতাধিক নারী অংশগ্রহণকারী ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে রাসিক প্রশাসক বলেন, ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন আয়োজন নদী রক্ষায় জনসচেতনতা তৈরির একটি শক্তিশালী সামাজিক আন্দোলন। আমি বিশ্বাস করি, আমাদের সম্মিলিত সচেতনতা, দায়িত্ববোধ ও উদ্যোগই পারে পদ্মাসহ দেশের সব নদ-নদীকে সুরক্ষিত রাখতে। আসুন, আমরা সবাই নদী রক্ষায় এগিয়ে আসি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ, নিরাপদ ও প্রাণবন্ত নদী ব্যবস্থা উপহার দেই।

আয়োজকরা জানায়, ‘রান ফর পদ্মা’ শুধু রাজশাহীর আয়োজন নয়, এটি পুরো বাংলাদেশের অস্তিত্ব, পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে সম্পর্কিত একটি আন্দোলন। ঐতিহাসিক পদ্মা নদীসহ দেশের সব নদ-নদী বাঁচানোর দাবিকে মানুষের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথনের উপদেষ্টা ও সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক লিয়াকত আলী, সংগঠনের উপদেষ্টা ও রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, উপদেষ্টা রিক্তা পারভীন, আহ্বায়ক মো. জুলফিকার আলী হায়দার, যুগ্ম আহ্বায়ক মঈন বিন মোস্তফা, সদস্য সচিব জাহিদুল ইসলাম সানিসহ আয়োজক কমিটির সদস্যরা ।