জ্বালানি প্রতিমন্ত্রী

বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে এলপিজির দাম কমিয়েছে সরকার

বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজি সিলিন্ডারের তাৎক্ষণিক দাম কমিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি বলেন, এলপিজি গ্যাসের ৯৮ ভাগই আমদানি করতে হয়। যা পুরোপুরি বেসরকারি খাত নির্ভর। মধ্যে প্রাচ্য সংকটের কারণে জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে। এতে আমাদের মা বোনদের সংসার চালাতে কষ্ট করতে হয়েছে। যখনই বৈশ্বিক পরিস্থিতি পরিবর্তন হচ্ছে, তখনই আমরা মূল্য সমন্বয় করেছি। আশাকরি রাতারাতি বড় মূল্য সমন্বয় হয়েছে। যখনই সুযোগ হবে তখনই ধাপে ধাপে জ্বালানির দাম কমিয়ে স্বস্তিতে আনা হবে।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে যশোর সার্কিট হাউজে জেলার পল্লী বিদ্যুৎ সমিতি ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বাপবিবো) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জ্বালানি প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

ভুতুড়ে বিদ্যুৎ বিল ও লোডশোডিং প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এই তপ্ত গ্রীষ্ম বিদ্যুতের সার্ভিস নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগ কাজ করছে। কয়েক জায়গায় বিদ্যুৎ বিল নিয়ে নানা অভিযোগ উঠেছে। আমরা প্রতিটি বিদ্যুৎ অফিসে অভিযোগ সেন্টার করেছি। সেখানে যোগাযোগ করে সমাধান করার নির্দেশনা দিয়েছি।

তিনি বলেন, বিএনপি জনগণের সরকার। জনগণকে সেবা নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগকের কর্মকর্তাদের আরও আন্তরিক হওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

এসময় জ্বালানি প্রতিমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনসহ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা।