রাজবাড়ীতে নৈরাজ্যের সুযোগ দেওয়া হবে না: সংস্কৃতি প্রতিমন্ত্রী

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৫১ পিএম

রাজবাড়ীতে কোনো ধরনের নৈরাজ্য ও সন্ত্রাসের সুযোগ দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে রাজবাড়ী শহরের রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক চত্বরে নৈরাজ্য ও সন্ত্রাসবিরোধী এক জনসভায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, রাজবাড়ী একটি ছোট জেলা। এখানকার মানুষ শান্তিপ্রিয়। সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করতে চান। দেশের অন্য কোথাও যা-ই হোক, রাজবাড়ীতে কোনো ধরনের নৈরাজ্য করার সুযোগ দেওয়া হবে না।

আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, আওয়ামী লীগ টানা ১৭ বছর ক্ষমতায় থাকাকালে তাদের বলা হয়েছিল, রাজবাড়ী ছোট জেলা। এখানে সবাই শান্তিতে বসবাস করতে চান। প্রত্যেককে কথা বলার সুযোগ দিতে হবে। সব রাজনৈতিক দল তাদের বক্তব্য তুলে ধরবে এবং জনগণ নিজেদের পছন্দের নেতা নির্বাচন করবে। কিন্তু তারা সে কথা শোনেনি।

তিনি অভিযোগ করেন, গত ১৭ বছরে তাদের শত শত নেতাকর্মীকে মিথ্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছে। এখনো অনেক নেতাকর্মীকে আদালতে হাজিরা দিতে হচ্ছে।

২০১৮ সালের নির্বাচনের স্মৃতিচারণ করে তিনি বলেন, ওই নির্বাচনে তিনি প্রার্থী হয়েছিলেন। তখন তার বাড়ির সামনে পুলিশ ও বিজিবি মোতায়েন করে ঘিরে রাখা হয়েছিল। তাদের রাস্তায় নামতে দেওয়া হয়নি। তবে তিনি হিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না। সবাইকে নিয়ে শান্তিতে বসবাস করতে চান।

প্রতিমন্ত্রী আরও বলেন, গত জুলাইয়ের আন্দোলনে শেখ হাসিনা সরকার দেড় হাজার মানুষকে গুলি করে হত্যা করেছে। কিন্তু এ ঘটনায় আওয়ামী লীগের মধ্যে এখনো কোনো ধরনের অনুশোচনা দেখা যায়নি। সবকিছুর পরও দলটির অনেক নেতাকর্মী তাঁদের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছেন। তাঁদের কঠোর হতে বাধ্য না করার আহ্বান জানান তিনি।

খৈয়ম বলেন, নির্বাচনী ইশতেহারে পদ্মা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছিল। তারেক রহমানের নেতৃত্বে এসব পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে।

রাজবাড়ীর উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, অতীতে এ জেলায় তেমন কোনো উন্নয়ন হয়নি। তারা রাজবাড়ীতে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে চান। একটি মেডিকেল কলেজ নির্মাণের প্রস্তাবও দেওয়া হয়েছে। এছাড়া দেশে সবচেয়ে বড় ওয়ার্কশপ রাজবাড়ীতে নির্মাণ করা হবে। জেলার মানুষের ভাগ্য পরিবর্তনে তারা কাজ করছেন।

জনসভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, সাবেক সদস্যসচিব এবিএম মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির সদস্য গাজী আহসান হাবীব, জেলা যুবদলের আহ্বায়ক খাইরুল আনাম বকুল প্রমুখ।

সর্বশেষ সর্বাধিক পঠিত