চট্টগ্রামের কর্ণফুলী নদীতে রাতের আঁধারে চলা চোরাই ডিজেল কেনাবেচার একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে অয়েল ট্যাংকারসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। এ সময় ট্যাংকার থেকে ১২ হাজার ৭০০ লিটার চোরাই ডিজেল উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) দিবাগত রাত আড়াইটায় কর্ণফুলী নদীর চট্টগ্রাম বন্দরের ৬ নম্বর ভেসেল পয়েন্টে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-আরিফুল ইসলাম (৩০),সাইদুল ইসলাম ওরফে ইশাদ (২২),আব্দুল হালিম (৩৫),নুরুল মোস্তফা (২৬),জালাল আহমদ (৬০) ও নুরুল আমিন (৫০)।
অভিযানে ‘ওটি ইশরাত’ নামের একটি অয়েল ট্যাংকারে তল্লাশি চালিয়ে ১২ হাজার ৭০০ লিটার ডিজেল পাওয়া যায়। ডিজেলের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ট্যাংকারে থাকা সুপারভাইজার,মাস্টার ও অন্যান্য স্টাফকে গ্রেপ্তার করা হয়। এসব ডিজেলের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ১৫ হাজার টাকা।
সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন,প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন,কোম্পানির ম্যানেজারের নির্দেশে তারা ব্রিজঘাট থেকে অজ্ঞাত ব্যক্তিদের মাধ্যমে কর্ণফুলী নদীর বিভিন্ন উৎস থেকে অবৈধভাবে ডিজেল সংগ্রহ করে ট্যাংকারে ভর্তি করছিলেন। পরে তা বিক্রির উদ্দেশ্যে বাংলাবাজার ঘাটের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল।
নৌ পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে,সংঘবদ্ধ এই চক্রটি দীর্ঘদিন ধরে কর্ণফুলী নদী ও আশপাশের ঘাট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে চোরাই ডিজেল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। এ ঘটনায় সদরঘাট নৌ থানার এসআই মো. মোজাম্মেল হোসেন বাদী হয়ে গ্রেপ্তার ছয়জন ও অজ্ঞাত আরও ১–২ জনের বিরুদ্ধে চট্টগ্রাম নগরের বন্দর থানায় মামলা দায়ের করেছেন।