বাঁশখালীতে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

আপডেট : ০২ জুলাই ২০২৬, ০১:৫৯ এএম

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জলদী পৌরসভায় মাদকদ্রব্য সেবন করে জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে এক যুবককে আটক করে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১ জুলাই) সন্ধ‌্যায় বাঁশখালী থানা পুলিশের সহযোগিতায় জলদী পৌরসভার বিভিন্ন এলাকায় এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন। অভিযানে দক্ষিণ জলদী ৮ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া এলাকার শফিউল আলমের ছেলে মো. সাগরকে (২২) জলদী পৌরসভার আসকরিয়া পাড়া এলাকায় মাদকদ্রব্য ক্রয় করে সেবন করার সময় হাতেনাতে আটক করা হয়।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, আটক সাগরের বিরুদ্ধে পূর্বেও বেপরোয়া মোটরসাইকেল চালিয়ে দুই ব্যক্তিকে গুরুতর আহত করার অভিযোগ ছিল। এছাড়া অসামাজিক ও বেপরোয়া আচরণের কারণে তাকে পূর্বে সেফ হোমের কাস্টডিতেও পাঠানো হয়েছিল।

আদালতে দেওয়া ভিডিও স্বীকারোক্তিতে মো. সাগর জানান, তিনি বর্তমানে বেকার এবং পরিবারের কাছ থেকে হাতখরচের নামে টাকা নিয়ে নিয়মিত মাদকদ্রব্য সেবন করতেন।

ঘটনার সার্বিক পরিস্থিতি, অভিযুক্তের স্বীকারোক্তি এবং উপস্থাপিত তথ্য-প্রমাণ পর্যালোচনা করে মোবাইল কোর্ট মো. সাগরকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

উপজেলা প্রশাসন জানায়, মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে মাদক সেবন ও মাদক-সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে। একই সঙ্গে মাদক থেকে দূরে থাকতে এবং এ ধরনের অপরাধের তথ্য প্রশাসনকে জানাতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত