মামার লাঠির আঘাতে ভাগ্নের মৃত্যু

জমি সংক্রান্ত বিরোধের ধরে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শিশেরকুন্ডু গ্রামে মামার লাঠির আঘাতে ভাগ্নে আবু বক্কর (৩০) নিহত হয়েছেন। 

শুক্রবার (৩ জুলাই) বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আবু বক্কর ওই গ্রামের আলী আকবর’র ছেলে।

স্থানীয়রা জানায়, শিশেরকুন্ডু গ্রামের আবু বক্করের সাথে তার মামা সিরু মিয়ার জমি নিয়ে বিরোধ ছিলো। মঙ্গলবার রাতে বিরোধপূর্ণ ওই জমির বাঁশ কাটা নিয়ে বাক-বিতণ্ডাহয়। এক পর্যায়ে সিরু মিয়া লাঠি দিয়ে আবু বক্করের মাথায় আঘাত করে। এতে গুরুতর আহত হলে তাকে প্রথমে কোটচাঁদপুর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার্ড করে চিকিৎসক। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে মারা যায় আবু বক্কর।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) আনসারুল্লাহ হক বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।