বিয়ের উৎসব শুরু

বিশ্বসংগীতের শীর্ষ তারকা টেইলর সুইফট ও মার্কিন এনএফএল তারকা ট্রাভিস কেলসির বিয়ে নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে জল্পনা তুঙ্গে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের ছুটির সপ্তাহান্তে নিউ ইয়র্কের ঐতিহাসিক ম্যাডিসন স্কয়ার গার্ডেনে এই আলোচিত জুটির বিয়ের রাজকীয় উৎসব বসতে যাচ্ছে বলে খবর চাউর হয়েছে।

অবশ্য জল্পনার এখানেই শেষ নয়। রয়টার্সের বরাত দিয়ে নিউ ইয়র্ক পোস্টের ‘পেজ সিক্স’ দাবি করেছে, জমকালো আনুষ্ঠানিকতার আগেই গোপনে আইনিভাবে বিয়ে সম্পন্ন করেছেন টেইলর ও ট্রাভিস। ঘনিষ্ঠ কয়েকজন স্বজনকে সাক্ষী রেখে অত্যন্ত ব্যক্তিগতভাবে তারা বিয়ের শপথ বিনিময় করেছেন। তবে এই গোপন বিয়ের দিনক্ষণ বা স্থান সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। প্রেমের শুরু থেকেই বিশ্বজুড়ে তুমুল আলোচনায় থাকা এই তারকা জুটি অবশ্য সম্ভাব্য বিয়ের উৎসব বা গুঞ্জন নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। সব মিলিয়ে তাদের বিয়ে ঘিরে এখন বিনোদন দুনিয়ায় রহস্য ও রোমাঞ্চের নতুন পারদ চড়েছে।