আদর্শ বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকা ও দীর্ঘদিন যাবত দলের রাজনৈতিক কার্যক্রমে অনিহা প্রকাশ করায় খন্দকার লুৎফর রহমানকে জাগপার সভাপতি পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে দলের সাধারণ সম্পাদক জাকির হোসেন রিয়াজকে সভাপতি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) উত্তরায় অনুষ্ঠিত জাতীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি গণমাধ্যমকে জানান জাগপার নতুন সভাপতি জাকির হোসেন রিয়াজ।
গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাকির হোসেন রিয়াজ বলেন, খন্দকার লুৎফর রহমান দীর্ঘদিন যাবৎ তদবির বাণিজ্য, বিভিন্ন জায়গা থেকে অনৈতিক সুবিধা গ্রহণ ও জাগপার আদর্শ বিরোধী কর্মকাণ্ডে জড়িত রয়েছেন। বারবার বলার পরেও দীর্ঘদিন যাবত তিনি দলের রাজনৈতিক কার্যক্রমে অনিহা প্রকাশ করে আসছেন।
তিনি আরও বলেন, জাতীয়তাবাদী সমমনা জোটের বৈঠকে তিনি কয়েক মাস ধরে অংশ নিচ্ছেন না। তাই জাগপার সাংগঠনিক কার্যক্রমে গতি আনতে জাতীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক খন্দকার লুৎফর রহমানকে দল থেকে বহিষ্কার করে জাকির হোসেন রিয়াজকে সভাপতি ও সোহেল রানাকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।