মামার সঙ্গে ঝগড়ার জেরে শিশুকে ছুরিকাঘাত, আটক ৩

চট্টগ্রামে মোহাম্মদ দিয়ান নামে চার বছরের এক শিশুকে ছুরিকাঘাতের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) রাত ৮টার দিকে নগরের বিআরটিসি জামতলা বস্তি এলাকায় এঘটনার পর তাদের আটক করা হয়।

আহত মোহাম্মদ দিয়ান নগরের এনায়েত বাজার এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করে।

পুলিশ জানায়, দিয়ান বিআরটিসি জামতলা এলাকায় নানাবাড়িতে বেড়াতে আসে। শুক্রবার রাতে সে খেলছিল। এ সময় তার মামার সঙ্গে এক প্রতিবেশীর ঝগড়া লাগে। এ ঘটনার জের ধরে দিয়ানকে ছুরিকাঘাত করেন ওই প্রতিবেশী। ছুরিকাঘাতে দিয়ানের নাড়িভুঁড়ি বের হয়ে যায়। পরে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর তার অস্ত্রোপচার করেন চিকিৎসকেরা। বর্তমানে ওই শিশু নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এবিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো.নাজমুন নুর জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চার বছরের এক শিশুকে ছুরিকাঘাত করা হয়। এতে তার নাড়িভুঁড়ি বের হয়ে যায়। এঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং থানায় মামলার প্রস্তুতি চলছে।