‘মেগা পার্সনাল’ নামের একটি ডেটিং অ্যাপে নারীদের ছবি ও পরিচয় ব্যবহার করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ এবং অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে সাতজনকে আটক করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশের দাবি, চক্রটি দীর্ঘদিন ধরে অ্যাপটির মাধ্যমে শতাধিক ব্যক্তির সঙ্গে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিয়েছে। সোমবার (২৩ নভেম্বর) রাত ১০টার দিকে ময়মনসিংহ নগরের সেনিবাড়ি এলাকার নুরুল হুদার মালিকানাধীন একটি ভবনের ষষ্ঠ তলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।
পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল ওই ভবনে অভিযান চালায়। এ সময় সাতজনকে আটক করা হয়। অভিযানে প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি ল্যাপটপ, সাতটি মোবাইল ফোন এবং নারীদের বিভিন্ন আপত্তিকর ছবি উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন— মো. মনির হোসেন (২৩), মাসুদ আল মারুফ (২৫), মো. তানভীর আহমেদ (২৫), জিল্লুর রহমান জনি (২৭), মো. মজনু (২৬), নাঈম মণ্ডল (২৪) ও মো. রাকিব (২০)।
পুলিশ সুপার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ‘মেগা পার্সনাল’ অ্যাপ ব্যবহার করে নারীদের ছবি ও পরিচয় দিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ এবং তাদের কাছ থেকে অর্থ নেওয়ার বিষয়ে তথ্য দিয়েছেন। এ কার্যক্রমের সঙ্গে কয়েকজন নারীর সম্পৃক্ততার তথ্যও পাওয়া গেছে। তদন্তের মাধ্যমে তাদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধার করা মোবাইল ফোন ও ল্যাপটপের ফরেনসিক পরীক্ষা করে অনলাইন কার্যক্রমের বিস্তারিত তথ্য যাচাই করা হবে। এ ছাড়া সংশ্লিষ্ট সাইবার অপরাধের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে।