শেষমেশ সুতোয় বাঁধা পড়লেন টেইলর-কেলসি

সব জল্পনা-কল্পনার অবসান। পূর্ব ঘোষিত তারিখেই এক সুতোয় বাঁধা পড়লেন বিশ্বখ্যাত পপ তারকা টেইলর সুইফট ও মার্কিন ফুটবল তারকা ট্রাভিস কেলসি। নিউইয়র্কের ঐতিহ্যবাহী ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বিনোদন ও ক্রীড়া জগতের তারকাদের উপস্থিতিতে অত্যন্ত জমকালো আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সুইফটের জনসংযোগ কর্মকর্তা ট্রি পেইন স্থানীয় সময় শুক্রবার (৩ জুলাই) গণমাধ্যমকে এই বিয়ের খবর নিশ্চিত করেন। 

জানা গেছে, প্রচলিত বিয়ের রীতি ভেঙে এই তারকা যুগল কোনো ‘ব্রাইডসমেইড’ (কনের সখী) বা ‘গ্রুমসমেন’ (বরের বন্ধুদল) রাখেননি। কোনো রকম আনুষ্ঠানিক বন্ধুদল ছাড়াই তারা বিয়ের মূল পর্বটি সারেন। বিনোদন অঙ্গনে এই আয়োজনকে অনেকেই ‘শতাব্দীর সেরা বিয়ে’ বলে আখ্যা দিচ্ছেন। 

অনুষ্ঠানে হলিউড ও ক্রীড়া জগতের খ্যাতনামা ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিদের তালিকায় ছিলেন টম ব্র্যাডি, স্টিভেন স্পিলবার্গ, হিউ গ্রান্ট, ক্রিস রক, ব্র্যাডলি কুপার, জিজি হাদিদ, জেসন সুডেকিস এবং বেনসন বুনের মতো তারকারা। কঠোর গোপনীয়তা বজায় রাখতে ভেন্যুর চারপাশে কালো এসইউভি গাড়ি ও বিশাল তাঁবু দিয়ে নিরাপত্তা বলয় তৈরি করা হয়। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বাইরে বড় পর্দায় ভেসে ওঠা ‘জাস্ট অ্যান্ড টি ম্যারিড’ লেখাটি। 

এখন পর্যন্ত নবদম্পতির কোনো যুগল ছবি প্রকাশ্যে আসেনি। তবে টেইলরের মুখপাত্র জানিয়েছেন, বিশেষ এই দিনটিতে তারা বিশ্ববিখ্যাত ফরাসি ফ্যাশন হাউস ‘ক্রিশ্চিয়ান ডিওর’-এর পোশাক পরেছিলেন। পোশাকটির নকশা তৈরিতে সরাসরি যুক্ত ছিলেন ডিওরের ক্রিয়েটিভ ডিরেক্টর জোনাথন অ্যান্ডারসন। এছাড়া তাদের জুতো ছিল নামী ব্র্যান্ড ‘ক্রিশ্চিয়ান লুবোটিন’-এর এবং টেইলর সুইফট সেজেছিলেন ‘কার্টিয়ার’ ব্র্যান্ডের অভিজাত গহনায়। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এই মেগা ইভেন্টকে কেন্দ্র করে ম্যানহাটনের ব্যস্ততম বেশ কয়েকটি সড়ক সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। সে সময় নিউইয়র্কের তাপমাত্রা ছিল প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু তীব্র তাপদাহ উপেক্ষা করেই প্রিয় তারকা যুগলকে একনজর দেখতে ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বাইরে জড়ো হন হাজার হাজার ভক্ত। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বেশ বেগ পেতে হয় এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। 

উল্লেখ্য, ২০২৩ সাল থেকে টেইলর সুইফট ও ট্রাভিস কেলসের প্রেমের সম্পর্কের শুরু। এরপর গত বছরের আগস্টে ইনস্টাগ্রামে যৌথ বার্তার মাধ্যমে তারা বাগদানের ঘোষণা দিয়েছিলেন। বিলাসবহুল এই ভেন্যুর পেছনে কয়েক কোটি ডলার খরচ হলেও, বিয়ের উৎসব শুরুর আগেই এই যুগল ২০টিরও বেশি দাতব্য সংস্থায় ২৬ মিলিয়ন ডলার অনুদান দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।