অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রাম নগরী হবে অর্থনীতির লজিস্টিক হাব।
তিনি বলেন, চট্টগ্রামে সম্ভাবনার খাত অনেক বেশি। তাই অর্থনৈতিক লজিস্টিক হাব হওয়ার সম্ভাবনা বাজেটে প্রতিফলন হয়েছে।
শনিবার (৪ জুলাই) চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
বিমানবন্দর থেকে বের হয়ে অর্থমন্ত্রী উপস্থিত সাংবাদিকদের বলেন, যেভাবে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা হচ্ছে, তাতে এক ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ।
চট্টগ্রাম নিয়ে পরিকল্পনার প্রসঙ্গে তিনি বলেন, চট্টগ্রামের আনোয়ারায় ৬শ' একর জমিতে ফ্রি ট্রেড জোন স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের।
অর্থমন্ত্রী হিসেবে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট পেশের পর শনিবার সকালে প্রথম বারের মতো নিজ শহর চট্টগ্রাম আসেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তার আগমন উপলক্ষে দলের বিপুল সংখ্যক নেতাকর্মী বিমানবন্দরে উপস্থিত হন। সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন তাকে বিমানবন্দরে স্বাগত জানান।