কুড়িগ্রামে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় গ্যাসবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৪ জুলাই) দুপুর ১২টার দিকে রাজারহাট-তিস্তা মহাসড়কের শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত এরশাদ আলী রংপুরের মিঠাপুকুর উপজেলার বাসিন্দা।

স্থানীয়রা জানান,  বিপরীত দিক থেকে আসা একটি গ্যাসবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে এরশাদ আলী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

দুর্ঘটনায় আহত আরও চারজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, দুর্ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।