কুড়িগ্রামে প্রথমবার ‘আইস’ উদ্ধার, যুবক গ্রেপ্তার

আপডেট : ০২ জুলাই ২০২৬, ০৩:৪১ পিএম

কুড়িগ্রামে এই প্রথমবারের মতো অতি উচ্চমাত্রার মাদক ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় মো. শাহিন খান নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে কুড়িগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মিজ জান্নাতুল ফিরদৌস বিষয়টি নিশ্চিত করেন।

বুধবার (১ জুলাই) বিকেলের দিকে জেলার ফুলবাড়ী উপজেলার আজোয়াটারী গ্রাম থেকে আইসসহ তাকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তার মো. শাহিন খান (২৮) ওই গ্রামের মৃত সাহেব আলীর ছেলে।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন খবর পেয়ে আজোয়াটারী গ্রাম অভিযান চালিয়ে শাহিন খানের নিজ বসতঘরের শয়নকক্ষে টেবিলের ড্রয়ারে থেকে সাদা প্লাস্টিকের কৌটা থেকে ১০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ২ দশমিক ৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এসময় শাহিনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় কুড়িগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মিজ জান্নাতুল ফিরদৌস বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেন।

এসআই মিজ জান্নাতুল ফিরদৌস জানান, মাদকের বিস্তার রোধে জেলার বিভিন্ন এলাকায় গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত