নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের ছয়দিন পর একটি ডোবা থেকে মাছুম রানা নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ জুন) দুপুরে তালতলা এলাকায় ডোবাতে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মাছুম রানা উপজেলার সোনাচরা এলাকার বাচ্চু মিয়ার ছেলে ও পেশায় ব্যাটারিচালিত অটোরিকশা চালক।
নিহতের স্ত্রী সুমা আক্তার জানান, ২৯ জুন বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। এরপর থানায় জিডি করা হলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। তার দাবি, পূর্ব শত্রুতার জেরে বাসা থেকে ডেকে এনে কয়েকেজন মিলে তাকে মোটরসাইকেলে করে অপহরণের পর কুপিয়ে হত্যা করে মরদেহ গুমের উদ্দেশ্যে ডোবা ফেলে দেয়।
বন্দর থানার উপ পরিদর্শক (এসআই) রাজীব হোসেন জানান, ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশে অভিযান চলছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।