নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমি দখল নিতে রাতের আঁধারে ভেকু দিয়ে একটি বসতবাড়ি ভেঙ্গে ফেলা হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, পুলিশের উপস্থিতিতে এ তান্ডব চালানো হয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। সোমবার দিনগত গভীর রাতে নাসিক ১নং ওয়ার্ডের হীরাঝিল এলাকায় এ তান্ডব চালানো হয়।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, হীরাঝিল এলাকার পৈত্রিক ও ক্রয়কৃত সাড়ে ১২ শতাংশ জমিকে দীর্ঘদিন ধরে সন্ত্রাসীরা দখল নেওয়ার চেষ্টা করে যাচ্ছিল। যা নিয়ে আদালতে একটি দেওয়ানি মামলাও চলমান রয়েছে। ওই বিরোধ নিয়ে ইতিপূর্বে সিদ্ধিরগঞ্জ থানায় একাধিকবার সালিশি বৈঠক হলেও আদালতের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির পরামর্শ দেয়া হয়। তবে আদালতের নির্দেশনাকে অমান্য করে গভীর রাতে পেয়ার আলী, মোহাম্মদ আলী, মেহের আলী, বিল্লাল, শাহীন, সবুজ, সজীব ও জসিমসহ অজ্ঞাত ১৫০-২০০ জনের একটি দল জমিটি দখলের জন্য গভীর রাতে ভেকু দিয়ে গুড়িয়ে দেয়।
এ বিষয়ে ভুক্তভোগী সুলতানা বেগম জানান, দীর্ঘ কয়েকমাস ধরে পেয়ার আলী, মোহাম্মদ আলী, মেহের আলী, বিল্লাল, শাহীন, সবুজ, সজীব ও জসিমরা আমাদের পৈত্রিক ও ক্রয়কৃত বসতবাড়ি দখলের চেষ্টা চালাচ্ছে। তারই জের ধরে গতকাল গভীর রাতে ১৫০-২০০ সন্ত্রাসী এনে ভেকু দিয়ে আমাদের বাড়ি ভেঙ্গে ফেলে। অথচ আমরা পুলিশের কাছে সাহায্য চেয়েও কোনো কোনো সাহায্য পাইনি।
তিনি বলেন, আমি আমার নাতিকে নিয়ে ঘুমিয়ে ছিলাম। ঘুমের ভেতর হঠাৎ ঘর কেঁপে উঠলে প্রথমে ভেবেছিলেন ভূমিকম্প হচ্ছে। প্রাণ বাঁচাতে নাতিকে কোলে নিয়ে বাইরে বেরিয়ে এসে দেখি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে আমার ৪০ বছরের বসতভিটা। সন্ত্রাসীদের মাত্র এক থেকে দুই ঘণ্টার তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায়। অথচ এর কয়েক ঘণ্টা আগেই জমি নিয়ে বিরোধের ঘটনায় ঘটনাস্থল অতিরিক্ত পুলিশ সুপার ও থানার (ওসি) আমাদের বাড়ি পরিদর্শন করে গেছেন। সন্ত্রাসীরা যখন হামলা চালায় তখন আমরা ৯৯৯সহ পুলিশকে বিভিন্নভাবে জানিয়েছি।
সুলতানা বেগমের ভাই গোলাম মোস্তফা বলেন, গত ৫ নভেম্বর রাত ১১টার দিকেও একই পক্ষের লোকজন ভেকু ও দেশীয় অস্ত্র নিয়ে বাড়িটি ভাঙতে আসে। সেদিন ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা সেখান থেকে চলে যায়। তবে যাওয়ার সময়ে ৭ নভেম্বর আবারও হামলার হুমকি প্রদান করা হয়। এরপর গতরাতে যখন হামলা চালানো হয় তখন আমরা পুলিশকে একাধিকবার জানিয়েও সাহায্য পাইনি। একপর্যায়ে পুলিশ আসলেও তাদের সামনেই সকল কাজ সম্পন্ন হয়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, জমি সংক্রান্ত ঝামেলার বিষয়ে ওই নারীর প্রতিপক্ষ ইতিপূর্বে দখল নেওয়ার চেষ্টা করলে আমাদের টিম গিয়ে তাতে বাঁধা দেন। ওই ঘটনায় ভুক্তভোগী একটা লিখিত অভিযোগ দিয়েছে যা তদন্তাধীন। এরপর গতরাতে বসবাড়ি ভাঙ্গার বিষয়টি আমাদের জানানো হলে তাৎক্ষণিক ফোর্স পাঠানো হয়। তবে, পুলিশ যাওয়ার পর কাউকে পাওয়া যায়নি।
তিনি বলেন, মূলত ওই জমি নিয়ে একটি দেওয়ানী মামলা চলমান, যার মালিকানা নির্ধারণ শুধু আদালতই করতে পারবেন। আমরা শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষমতা রাখি। তবে ঘটে যাওয়া ফৌজদারি অপরাধে অভিযুক্তদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ-অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ভোর ৪টার সময়ে ভাঙ্গার জন্য ভুক্তভোগী পরিবার ৯৯৯ এ ফোন করলে থানা থেকে পুলিশ পাঠানো হয়। পুলিশের উপস্থিতিতে ভাংচুরের অভিযোগটি মিথ্যা। জমি সংক্রান্ত ঝামেলা নিয়ে আগে থেকে আদালতে দেওয়ানী মামলা চলমান আছে। এখন যেহেতু ফৌজদারি অপরাধ হয়েছে সেক্ষেত্রে এ ঘটনায় ভুক্তভোগী এখন থানায় মামলা রুজু করাতে পারবেন। যারাই রাতের আঁধারে এ ধরনের ন্যাক্কারজনক কাজ করেছে,তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।