নেত্রকোনায় সীমান্তে অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

নেত্রকোনায় দুর্গাপুরে মাছ ধরতে গিয়ে একটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলা সদর ইউনিয়নের ভবানীপুর সীমান্তে এলাকায় স্থানীয় শিশুরা মাছ ধরতে গিয়ে কাদামাটির ভেতর থেকে মর্টার শেলটি উদ্ধার করে। 

খবর পেয়ে ভবানীপুর বিওপির বিজিবির সদস্যরা মর্টার শেল টিকে উদ্ধার করে চারপাশে বালির বস্তা দিয়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে। বোম্ব ডিসপোজাল ইউনিটের মাধ্যমে এটি ধ্বংসের প্রক্রিয়া চলছে জানিয়েছেন নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী। 

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ভবানীপুর এলাকায় সীমান্ত পিলার ১১৫৫/১০-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভবানীপুর গ্রামের একটি নালায় মাছ ধরতে গিয়ে স্থানীয় শিশুরা কাদামাটির ভেতর থেকে গোলাসদৃশ একটি বস্তু দেখতে পায়। পরে স্থানীয় বাসিন্দা মো. ছদর উদ্দিনের ছেলে মো. আমজাদ আলী সেটি নালা থেকে তুলে এনে বাড়ির নিকটবর্তী একটি নিরাপদ স্থানে রাখেন। 

খবর পেয়ে ভবানীপুর বিওপি বিজিবি একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে নিশ্চিত করেন এটি ৬০ মিলিমিটার মর্টার শেল একটি অবিস্ফোরিত গোলা। সম্ভাব্য ঝুঁকি এড়াতে মর্টার শেল চারপাশে বালুর বস্তা দিয়ে স্থানটিতে ঘিরে রেখেছে বিজিবি সদস্যরা। 

এ বিষয়ে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী, বোম্ব ডিসপোজাল দলের সঙ্গে সমন্বয় করে অবিস্ফোরিত গোলাটি ধ্বংস করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে গোলাটি সম্পূর্ণ নিষ্ক্রিয় বা ধ্বংস করা হবে।