দুর্নীতি করলে কেউ ক্ষমা পাবে না: সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দুর্নীতি করলে কেউ ক্ষমা পাবে না।

তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মন্ত্রণালয়ের কেউ যেন দুর্নীতিতে না জড়ায় সেটি নিশ্চিত করা হচ্ছে। কারণ দিনশেষে জনপ্রতিনিধিকে জনগণের কাছে এবং সরকারকে সংসদে জবাবদিহি করতে হয়। তাই দুর্নীতি করলে কেউ ক্ষমা পাবে না। বিগত দিনের দুর্নীতি নিয়ে দুদকসহ সংশ্লিষ্ট দপ্তর কাজ করে যাচ্ছে। 

শনিবার (৪ জুলাই) দুপুরে রংপুর জেলা সমাজসেবা কার্যালয় মিলনায়তনে রংপুর বিভাগের কর্মকর্তাদের নিয়ে আলোচনা সভা শেষে  সাংবাদিকদের এসব কথা বলেন সমাজকল্যাণ মন্ত্রী।

প্রত্যেক পরিবার ফ্যামিলি কার্ড পাবে জানিয়ে তিনি বলেন, উপকারভোগী হতে হলে কিছু মানদণ্ড রয়েছে। উপকারভোগীদের ফ্যামিলি কার্ডের আওতায় আনতে প্রথমে জনবল নিয়োগ, প্রশিক্ষিত জনবল তৈরি এবং বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। এরপর পরিবারের প্রয়োজনীয় তথ্য কম্পিউটার যাচাই করে নির্ধারণ করবে কারা ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন।

ডা. জাহিদ বলেন, আগামী ১০ থেকে ১২ সপ্তাহের মধ্যে রংপুর নগরীসহ সারাদেশের প্রত্যেক উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম চালু হবে।

তিনি বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিটি সেবা কার্যক্রমে এখন আর কোনো নগদ অর্থ  দেওয়ার ব্যবস্থা থাকবে না। সরাসরি উপকারভোগীর ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে যাচ্ছে। ফ্যামিলি কার্ডের টাকাও উপকারভোগী সরাসরি ব্যাংকের মাধ্যমে পাবেন। মধ্যস্বত্ত্বভোগী না থাকায় উপকারভোগীরা স্বস্তিতে থাকবেন।  

প্রতিবন্ধীদের বিষয়ে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক হিসাব মতে বাংলাদেশের মোট জনসংখ্যার শতকরা ৬ ভাগ প্রতিবন্ধী মানুষ রয়েছে। দেশে প্রায় ৪৫ লাখ নিবন্ধিত প্রতিবন্ধী রয়েছে। সেই প্রতিবন্ধীদের সাপোর্ট করাসহ জনসম্পদে পরিণত করতে কাজ করা হচ্ছে। সারাদেশে ৪৫টি মোবাইল থেরাপি ইউনিট প্রতিবন্ধীদের জন্য এলাকায় গিয়ে কাজ করছে। আগামীতে এর কার্যক্রম বৃদ্ধি করা হবে।

সামাজিক নিরাপত্তা খাত নিয়ে মন্ত্রী বলেন, দারিদ্রতা বিমোচনের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। সেলাই, কম্পিউটার প্রশিক্ষণ, হাঁস-মুরগি লালন-পালন, প্লাম্বিং, মোবাইল মেরামতসহ নানা প্রশিক্ষণ দেয়াসহ কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। উদ্যোক্তা তৈরির লক্ষ্যে বর্তমানে সমাজকল্যাণ মন্ত্রণালয় বিনাসুদে ঋণ দিচ্ছে। প্রতিটি মানুষকে সমাজের মূল স্রোতধারায় আনতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, মহিলা সংস্থা এবং প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে।

এসময় আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব, জেলা বিএনপির সদস্য লিটন পারভেজ, জেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক ভরসা।