রাজধানীর বংশাল থানা এলাকায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষে ছুরিকাঘাতে কবির হোসেন (৪৫) নামে এক জামায়াত নেতা আহত হয়েছেন। তিনি শাহবাগ থানা গুলিস্তান ইউনিটের জামায়াতে ইসলামের সভাপতি।
শনিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে বংশাল ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
আহত কবির হোসেন জানান, আগাম কর্মসূচি অনুযায়ী শনিবার বিকেলে ফুলবাড়িয়া এলাকায় চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে তাদের শান্তি মিছিল ছিল। সেখানে হঠাৎ করে বিএনপির সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে। এতে তাদের অনেক নেতাকর্মী আহত হন। এ সময় পিঠে ছুরিকাঘাত করে তারা।
তিনি আরও জানান, গুলিস্তান ট্রেড সেন্টারে তার মোবাইল পার্টসের ব্যবসা রয়েছে। এছাড়া তিনি শাহবাগ থানার গুলিস্তান ইউনিট জামায়াতের সভাপতি।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, গুলিস্তান থেকে জামায়াতে ইসলামের এক নেতা ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে এসেছেন। তার পিঠে দুটি ছুরিকাঘাত রয়েছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।