দেশের উন্নয়ন শুধু সরকারের একার দায়িত্ব নয়; সরকারকে সহযোগিতা করা, ভালো কাজকে উৎসাহিত করা এবং ভুল-ত্রুটি গঠনমূলকভাবে তুলে ধরাও প্রত্যেক দায়িত্বশীল নাগরিকের কর্তব্য বলে মন্তব্য করেছেন সাবেক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব ও কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মোস্তফা জামান।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব এস এম জাহাঙ্গীর হোসেন।
মোস্তফা জামান বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাই শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, শিক্ষার্থীদের সৎ, মানবিক, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। দেশের বর্তমান প্রেক্ষাপটে শিক্ষা, অর্থনীতি, কর্মসংস্থান ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সবার সম্মিলিত ভূমিকা প্রয়োজন।
তিনি বলেন, সরকার দেশের উন্নয়ন ও জনকল্যাণে যেসব উদ্যোগ গ্রহণ করছে, সেগুলো বাস্তবায়নে নাগরিক হিসেবে আমাদের সহযোগিতা করতে হবে। সরকারের ভালো কাজকে উৎসাহিত করতে হবে। পাশাপাশি কোথাও কোনো সমস্যা বা অসংগতি থাকলে তা গঠনমূলকভাবে তুলে ধরতে হবে। কারণ দায়িত্বশীল সমালোচনা ও সহযোগিতার মধ্য দিয়েই একটি দেশ এগিয়ে যেতে পারে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, তোমরা গুজব, অপপ্রচার, মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সচেতন হবে। যাচাই না করে কোনো তথ্য প্রচার করবে না। নিজেদের শিক্ষিত, দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে দেশের কল্যাণে ভূমিকা রাখবে।
তিনি বলেন, একটি সুন্দর, নিরাপদ, শিক্ষিত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সরকার, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— তুরাগ থানা বিএনপির সাবেক সভাপতি আলহাজ আতিকুর রহমান, থানা আহ্বায়ক আমান উল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন অর রশীদ খোকা, যুগ্ম আহ্বায়ক হাজী জহিরুল ইসলাম, ৫৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও কলেজের গভর্নিং বডির অভিভাবক সদস্য হাজী সফিকুল ইসলাম।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ খুরশিদ হাসান। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।