জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নে কোন ধরণের গড়িমসি সহ্য করা হবেনা উল্লেখ করে ১১ দলীয় ঐক্য চট্টগ্রামের নেতারা বলেছেন, "জুলাইয়ের গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যা, খুন, গুম ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জনগণের রায় ও গণভোটের সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে দেশে গণতন্ত্র, ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।
শনিবার (৪ জুলাই) বিকেলে চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেটে গণমিছিলপূর্ব সমাবেশে নেতৃবৃন্দ এ কথা বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিনের সভাপতিত্বে এবং মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি ও ১১ দলীয় চট্টগ্রাম মহানগরীর সমন্বয়ক মো. উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের চট্টগ্রাম মহানগরীর সভাপতি মাওলানা এমদাদুল্লাহ সোহাইল, খেলাফত মজলিসের মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা মোস্তফা কামাল, এনসিপি চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক শাহেদ ইকবাল, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) চট্টগ্রাম মহানগরীর সভাপতি আবু মোজাফফর মুহাম্মদ আনাস, বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) চট্টগ্রাম মহানগরীর সভাপতি সৈয়দ গিয়াসুদ্দিন আলম, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি চট্টগ্রাম মহানগরীর যুগ্ম আহ্বায়ক মাওলানা নুর মোহাম্মদ কিবরিয়া, জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সল মুহাম্মদ ইউনুস এবং বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি মাওলানা রিদুওয়ানুল ওয়াহেদ।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ নুরুল আমীন বলেন, দেশের জনগণ ন্যায়বিচার ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা চায়। জনগণের প্রত্যাশাকে উপেক্ষা করে কোনো টেকসই রাজনৈতিক সমাধান সম্ভব নয়। সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থেকে জনগণের ন্যায্য দাবির পক্ষে সোচ্চার থাকতে হবে। জুলাইয়ের গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যা, খুন, গুম ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।
সমাবেশে ১১ দলীয় ঐক্যের নেতারা বলেন, জুলাইয়ের গণহত্যা, খুন, গুম ও সকল রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা এবং গণভোটের রায় বাস্তবায়ন করা রাষ্ট্রের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। তারা অবিলম্বে এসব দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।
সমাবেশ শেষে একটি গণমিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।