রাজধানীর মিরপুর পল্লবীরতে ১৪ বছর বয়সি এক কিশোরী ধর্ষণের ঘটনা ঘটেছে। চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) দিবাগত রাত পৌনে ৩টার দিকে মিরপুর ১০ নম্বর সেকশনে থর্টিন হার্টস ক্যাম্পের ২য় তলার বাসায় ঘটনাটি ঘটে। এই ঘটনায় আসামি আনোয়ার হোসেন সাঈদকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার এজাহার থেকে জানা যায়, ওই আসামি কিশোরীটির পাশের রুমে ভাড়া থাকে। সে বিভিন্ন সময় কিশোরীকে উত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিল। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় শুক্রবার রাতে সাঈদ তার মুখ চেপে ধরে ২য় তলার বাসায় নিয়ে যায়। সেখানে তাকে মারধর করে এবং মুখে বালিশ চাপা দেয়। এতে কিশোরী অচেতন হয়ে পড়ে। তখন সে কিশোরীকে ধর্ষণ করে। এক পর্যায়ে কিশোরীকে নিচতলায় বিবস্ত্র অবস্থায় পানির হাউজের মধ্যে ফেলে রেখে যায়। শনিবার ভোরে প্রতিবেশীরা তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
এজাহার থেকে আরও জানা যায়, উত্তেজিত জনতা আসামি সাঈদকে হাতেনাতে ধরে মারধর করে পল্লবী থানা পুলিশে দিয়ে দিয়েছে।
পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক জানান, শুক্রবার রাতে মিরপুর ১০ নম্বরের একটি বাসায় ওই কিশোরী ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কিশোরীর ভাই বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। আসামি আনোয়ার হোসেন সাঈদকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাকে কোর্টে পাঠানো হবে। ওই কিশোরী বর্তমানে ঢাকা মেডিকেল ওসিসিতে ভর্তি আছে।