চাঁদাবাজ-সন্ত্রাসীদের দলীয় পরিচয় থাকতে পারে না: নূরুল ইসলাম বুলবুল এমপি

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ১২:০৩ এএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপি বলেছেন, খুনি, সন্ত্রাসী, চাঁদাবাজরা দেশ ও জাতির শত্রু; তাদের দলীয় কোনো পরিচয় থাকতে পারে না। তিনি বলেন, যারা খুনি, সন্ত্রাসী, চাঁদাবাজদের আশ্রয়-প্রশয় দেয় এরা তাদেরও শত্রু।

রাজধানীর গুলিস্তানে চাঁদাবাজির প্রতিবাদে ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ মিছিলে চাঁদাবাজদের হামলায় গুরুতর আহত ব্যবসায়ীদের শারীরিক খোঁজ-খবর নিতে শনিবার (৪ জুলাই) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বেরিয়ে তিনি উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন।

বিকালে হামলা চালিয়ে ও এলোপাতাড়ি কুপিয়ে ব্যবসায়ীদের রক্তাক্ত জখম করার পর এখন পর্যন্ত পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ না করায় ক্ষোভ প্রকাশ করে এমপি বলেন, চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে চাঁদাবাজদের সন্ত্রাসী হামলার ঘটনার পর পুলিশের নিরব ভূমিকা সন্দেহজনক।

তিনি আরও বলেন, পুলিশের ভূমিকা দেখে মনে হয় পুলিশ জনগণের জন্য নয় সন্ত্রাস-চাঁদাবাজদের জন্য কাজ করছে। ব্যবসায়ীদের ওপর হামলার সঙ্গে কোন কোন চাঁদাবাজ জড়িত, কোন দলের কে জড়িত, পুলিশ সবই জানে। তাই অনতিবিলম্বে সন্ত্রাসী চাঁদাবাজের গ্রেপ্তার না করলে ব্যবসায়ী সমাজ পুলিশের বিরুদ্ধে রাজপথে নামতে পারে।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন, সহকারী সেক্রেটারি ডক্টর আব্দুল মান্নান, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য শাহীন আহমেদ খান, মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন, শাহবাগ পশ্চিম থানা আমীর এডভোকেট শাহ মাহফুজুল হক, শাহবাগ পূর্ব থানা আমীর আহসান হাবিব, রমনা থানা আমীর আতিকুর রহমান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত